বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ বলে ছয় উইকেট নিয়ে বিরল কীর্তি ইংলিশ ক্রিকেটারের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৬ এএম আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ক্রিকেট মাঠে অসাধারণ পারফরম্যান্সে অদ্ভুত রেকর্ড গড়া নতুন কিছু নয়। তবে কিছু ঘটনা আলাদা করে দৃষ্টি কাড়ে ক্রীড়া প্রেমীদের। ইংল্যান্ডের এক ঘরোয়া ম্যাচে এবার ঘটল এমনই এক বিরল ঘটনা, সহজেই বিশ্বাস করা কঠিন।

সাধারণত টানা চার বলে চারটি উইকেট নিলে সেটিকে ‘ডাবল হেট্রিক’ বলা হয়। এটি খুবই বিরল এক কীর্তি। ক্রিকেট বিশ্বে হাতে গোণা কয়েকজন বোলারই এমন সাফল্য অর্জন করতে পেরেছে।

তবে ইংলিশ ক্রিকেটার মাইলস ডেভিস যা করেছেন, তা যেন সবকিছুকেই ছাপিয়ে গেছে। তিনি টানা ছয় বলে ছয়টি উইকেট নিয়ে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন, যা ক্রিকেটপ্রেমীদের বিস্মিত করেছে।

গত শনিবার পেনক্রিজ ক্রিকেট ক্লাব ও পেলসাল ক্রিকেট ক্লাবের মধ্যকার এক ম্যাচে এই অনন্য ঘটনা ঘটে।

ইংল্যান্ডের দক্ষিণ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশনের এই ম্যাচে প্রথমে ব্যাট করে পেনক্রিজ ৪৫.৩ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পেলসাল মাত্র ১২.৫ ওভারে ৫২ রানে অলআউট হয়ে যায়।

ডেভিসের বোলিং আক্রমণে পেলসালের ব্যাটাররা টিকতেই পারেননি। তিনি মাত্র ১৬ রানে ৭টি উইকেট নেন, যার মধ্যে টানা ছয় বলে ছয় উইকেট নিয়ে করেন দুইটি হ্যাটট্রিক।

ম্যাচের এক পর্যায়ে ৮ ওভার শেষে পেলসালের সংগ্রহ ছিল ২ উইকেটে ৪৯ রান। এরপর নবম ওভারে বল হাতে নেন ডেভিস। এর আগে ইনিংসের তৃতীয় ওভারে তিনি একটি উইকেট নিয়েছিলেন। নিজের পঞ্চম ওভারের শুরুতে একটি ওয়াইড বল করলেও পরের দিকে ছন্দে ফিরে আসেন।

ওই ওভারের শেষ দুই বলে তিনি পিটার স্টিভেন্স ও এহসান আকবরকে বোল্ড করে দেন। ফলে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়। এরপর ১১তম ওভারে তাকে আবার বল দেন পেনক্রিজের অধিনায়ক জ্যাক পোপ, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

নিজের পরের ওভারের প্রথম বলেই উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিস। লেগ স্টাম্পের বাইরে করা তার বল ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়ে, আউট হন অ্যালেক্স জোন্স। এরপর টানা তিন বলে তিনি ড্যানিয়েল পেন্নেল, টম রাইট এবং জেমি হলমেসকে বোল্ড করে দেন। এভাবেই তিনি টানা ছয় বলে ছয় উইকেট নিয়ে গড়েন বিরল এক ইতিহাস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন