সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল করল ভারতীয় কোম্পানি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৫ পিএম
সংগৃহীত গ্রাফিক্স
expand
সংগৃহীত গ্রাফিক্স

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থ পরিশোধসংক্রান্ত জটিলতার কারণে ভারতের ব্যবসায়ী মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিওস্টার বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রচারের চুক্তি বাতিল করেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এমন সময় এই পদক্ষেপ এলো, যখন বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার প্রক্রিয়া চলছিল।

এর আগে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হয়। একই সময়ে ক্রিকেট অঙ্গনেও এর প্রভাব পড়ে।

গত জানুয়ারিতে বিসিসিআই-এর সিদ্ধান্তে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয়। এরপরই দুই দেশের ক্রীড়া সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়ে।

সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার কথা জানায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এর মধ্যেই জিওস্টারের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নতুন জটিলতা তৈরি করেছে। ফলে নিষেধাজ্ঞা উঠে গেলেও স্থানীয় সম্প্রচার অংশীদার না থাকায় চলতি মৌসুমে দেশে টেলিভিশনে আইপিএল দেখা অনিশ্চিত হয়ে পড়েছে।

জানা গেছে, বাংলাদেশের সম্প্রচারমাধ্যম টি-স্পোর্টস-এর সঙ্গে জিওস্টারের চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত সময়ের জন্য টি-স্পোর্টস আইপিএলের মিডিয়া স্বত্ব সাব-লাইসেন্স নিয়েছিল। একই কারণে নারী উইমেন্স প্রিমিয়ার লিগের সম্প্রচার চুক্তিও বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন