

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, ফলে আগে ব্যাটিং করছে পাকিস্তান। ২০০৮ সালের পর প্রথমবারের মতো একসঙ্গে চারজনকে অভিষেক করিয়েছে সফরকারীরা।
টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার হতাশা কাটিয়ে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে আজ দুপুর ২টা ১৫ মিনিটে।
২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র্যাংকিংয়ের সেরা আট দল। পাশাপাশি স্বাগতিক তিন দেশ—দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াও সরাসরি অংশ নেবে। তবে দক্ষিণ আফ্রিকা যদি র্যাংকিংয়ের সেরা আটের মধ্যে থাকে, তাহলে সরাসরি সুযোগ পাবে সেরা ৯ দল। সে ক্ষেত্রে বাংলাদেশের অন্তত সেরা ৯-এর মধ্যে থাকতে হবে। বর্তমানে র্যাংকিংয়ে দশম স্থানে রয়েছে টাইগাররা।
গুরুত্বপূর্ণ এই সিরিজে অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মনে করেন, আগামী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো ব্যাটিং উইকেটে খেলার অভ্যাস গড়ে তোলা জরুরি। প্রথম ওয়ানডের আগে তিনি বলেন, বিশ্বকাপকে সামনে রেখে ভালো উইকেটে খেলার অভিজ্ঞতা অর্জন করতে হবে।
বাংলাদেশের মাটিতে পাকিস্তান সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল ২০১৫ সালে। সেই সিরিজে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। গত বছর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করলেও সেবারও ২–১ ব্যবধানে হারে তারা।
এ পর্যন্ত ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে ৩৯ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫ ম্যাচে, আর পাকিস্তানের জয় ৩৪টিতে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাঁচ জয়ের চারটিই এসেছে ২০১৫ সালে।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসেইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও আবরার আহমেদ।
মন্তব্য করুন
