

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিরপর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে বরাবরই নানা অভিযোগ থাকে। এই মাঠের স্লো পিচ নিয়ে দেশ এবং দেশের বাইরের ক্রিকেটার থেকে শুরু করে কোচদেরও নানা সময় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন সময় আন্তর্জাতিক গণমাধ্যমের হেডলাইনের বিষয়বস্তুও হয়েছে এই মাঠের পিচ।
তবে এবার পাকিস্তান সিরিজ শুরুর আগে মিরপুরের উইকেট নিয়ে আশাবাদ জানিয়েছেন বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দলের কোচ।
আগামী বুধবার (১১ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ। এই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
ম্যাচের আগে সোমবার (৯ মার্চ) মিরপুরে অনুশীলনে এসে দুই দলের অধিনায়ক এবং কোচ পিচ দেখেছেন। তবে সংবাদ সম্মেলনে এবার সমালোচনার চেয়ে আশাবাদই বেশি ঝরেছে দুই দলের কোচের কণ্ঠে।
বাংলাদেশের কোচ ফিল সিমন্স বলেন, ‘এবারের উইকেটগুলো বেশ ভালো মনে হচ্ছে। তাই আমাদের মূল লক্ষ্য হলো উন্নতি করা এবং পরবর্তী ধাপে যাওয়া; অর্থাৎ গত ম্যাচে আমরা যেভাবে ব্যাটিং করেছি সেই ধারা বজায় রাখা। তবে কিছু জায়গায় আমাদের এখনও উন্নতির সুযোগ আছে, বিশেষ করে মিডল ওভারগুলোতে আমরা খুব একটা ভালো করতে পারিনি। আর বোলিংয়ের ক্ষেত্রেও আমাদের মিডল ওভারগুলোতে উইকেট নিতে হবে। এই দুটি বিষয়ের উপর অনেক বেশি জোর দেব।’
উইকেট প্রসঙ্গে উচ্চাশা প্রকাশ করে সিমন্স বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমরা সবসময় ভালো উইকেটে খেলতে চাই যাতে নিজেদের দক্ষতা যাচাই করা যায়। আমার মনে হয় উইকেট আগের চেয়ে অনেক ভালো হবে। দেখা যাক কী হয়।’
সবশেষ গত বছর জুলাইয়ে বাংলাদেশে সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান। সেই সময় খেলতে এসে পিচের কঠোর সমালোচনা করেছিলেন পাকিস্তানের কোচ মাইক হেসন। এমন উইকেটে খেলা কোনো কাজে আসবে না বলেও সেবার মন্তব্য করেছিলেন পাক কোচ। কিন্তু এবার সেই উইকেট নিয়ে প্রশংসা ঝরল হেসনের কণ্ঠে।
তিনি বলেন, অনেক ভালো পিচ মনে হচ্ছে এবং আউটফিল্ডও ভালো। দুর্ভাগ্যবশত এখানকার পিচ অনেকদিন ধরে ভালো ছিল না। কিন্তু বিপিএলে দেখেছি পিচগুলো অনেক ভালো ছিল। এখন অনেক বেশি ঘাস আছে, ব্যাট-বলের মধ্যে সত্যিকারের লড়াই হবে। আমি মনে করি দুই দলই এতে লাভবান হবে। দুই দলই ভালো ক্রিকেট উইকেটে খেলতে চায় এবং চ্যালেঞ্জ পেতে চায়।
