

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আজ জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে। শিল্পায়নের ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল ব্যবস্থার পথে ধীরে ধীরে এগিয়ে যাবে।
রোববার (২৪ মে) জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি, নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনার ধারণ করে আছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এক দশকে বিশ্বব্যাপী সৌর বিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশবান্ধব নয়, অর্থনীতিক ভাবে অত্যন্ত কার্যকরী একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রার অংশ।
তিনি আরো বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় সংসদের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তাহলে খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে।
জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ হলে প্রধানমন্ত্রীর অনুরোধে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধন করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
এছাড়া সম্মানিত অতিথি ছিলেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।