

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘ঘোষিত ডিসেম্বর মাসে হাসিনার প্রত্যাবর্তন হবে না, হবে না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশি বংশদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক, পর্যটক ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন।
তিনি বলেন, বাংলাদেশ আমার জন্মভূমি—এই মাটির প্রতি আমার ভালোবাসা কোনো রাজনৈতিক দল, সরকার কিংবা ব্যক্তির প্রতি আনুগত্যের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি স্পষ্ট করে বলতে চাই- হামলা, ভয়ভীতি কিংবা কোনো ধরনের চাপ আমাকে আমার বিশ্বাস ও ন্যায়ের পক্ষে কথা বলা থেকে বিরত রাখতে পারবে না।’
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘বনি আমিন থামবে না, ইনশাআল্লাহ’ শিরোনামে একটি দীর্ঘ পোস্টে তিনি এসব কথা বলেন।
জানা যায়, রোমের বাংলাদেশি-অধ্যুষিত টর পিনিয়াত্তারা এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে অতর্কিত আক্রমণের শিকার হন বনি আমিন।
হামলার শিকারের বিষয়ে পোস্টে তিনি বলেন, ‘এটি কোনো সাধারণ বা আকস্মিক ঘটনা ছিল না; জন্মদেশ বিষয়ে আমার রাজনৈতিক অবস্থান ও মতপ্রকাশকে কেন্দ্র করেই আমাকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।’
ইতালির সরকারের কাছে এ ঘটনার তদন্ত ও জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে তিনি বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান।
বর্তমানে নিজের অবস্থান জানিয়ে এ পর্যটক বলেন, ‘আমি এখনো ইতালির ঐতিহাসিক নগরী রোমে আছি এবং আলহামদুলিল্লাহ, ভালো ও নিরাপদ আছি। কিছুক্ষণ আগেই সংশ্লিষ্ট ইতালীয় পুলিশ ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে আমার একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। পুরো ঘটনা ও সর্বশেষ পরিস্থিতি নিয়ে শিগগিরই বিস্তারিত একটি ভিডিও প্রকাশ করব।’
পোস্টে বনি আমিন আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক ও আইনের শাসনে পরিচালিত দেশে তদন্তের মাধ্যমেই সত্য উদ্ঘাটিত হবে এবং যারা প্রকৃতপক্ষে দায়ী, সেই B.A.Lদের বিরুদ্ধে ইতালির প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
নিজের আদর্শ জানিয়ে তিনি বলেন, যে রাজনৈতিক আদর্শ বা শক্তিকে বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের পরিপন্থী মনে করি, তার বিরুদ্ধে আমার শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আদর্শিক অবস্থান অব্যাহত থাকবে। মতের বিরোধিতা করা আমার অধিকার; কিন্তু সেই বিরোধিতা হবে সত্য, যুক্তি এবং আইনের পথে।
এছাড়াও পোস্টে তিনি বাংলাদেশের প্রতি নিজের আন্তরিক ভালোবাসা প্রকাশ করেন। এবং সবসময় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থানের দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করে আল্লাহর সহযোগিতা কামনা করেন।