মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে নিয়ে দীপ্তি চৌধুরীর পোস্ট ভাইরাল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ ও উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। জনপ্রিয় টিভি অনুষ্ঠান টু দ্য পয়েন্ট, স্ট্রেইট কাটসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত এই উপস্থাপিকা সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

গত শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে পারিবারিক পরিসরে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়।

দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব একজন শিক্ষক ও গবেষক। উচ্চশিক্ষা শেষে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছেন তিনি। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

বিয়ের পর নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে অনেকেই সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে একই সঙ্গে ব্যক্তিগত জীবন, বয়স ও পেশাগত পরিচয় নিয়ে অপ্রাসঙ্গিক আলোচনা ও সমালোচনাও দেখা গেছে নেটিজেনদের একাংশের মধ্যে। বিষয়টি ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার পরিবেশ।

তবে এসব বিতর্কে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের অবস্থানেই আছেন দীপ্তি চৌধুরী। বরং নতুন জীবনের আনন্দই ভাগ করে নিচ্ছেন অনুসারীদের সঙ্গে। বিয়ের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, জীবনের বহু আকাঙ্ক্ষিত মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার অনুভূতি এবং নতুন যাত্রার কথা।

তার এই পোস্ট দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে। হাজার হাজার মন্তব্য ও লাখো রিঅ্যাকশনের মাধ্যমে অনুসারীরা তাকে শুভেচ্ছা জানান।

পরবর্তীতে গায়েহলুদের ছবিও প্রকাশ করেন এই উপস্থাপিকা। সেখানেও আনন্দঘন মুহূর্তের নানা ছবি শেয়ার করে তিনি জীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানান।

ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের মধ্যেও পেশাগত কাজে ফিরেছেন দীপ্তি চৌধুরী। বিয়ের পরপরই তিনি আবারও টেলিভিশন উপস্থাপনা ও রেকর্ডিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন