শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে পোস্ট দিয়ে শিবির নেতার পদত্যাগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পিএম আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে মো. ইব্রাহিম নামে এক ছাত্রশিবির নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

ছাত্রশিবির নেতার পোস্টটি হুবুহু দেওয়া হল......

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। ​আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন।

​আজ ব্যক্তিগত একটি সিদ্ধান্তের বিষয়ে আপনাদের অবগত করার জন্য এই পোস্টটি লিখছি। দীর্ঘ দিন ধরে আমি 'বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহিপুর থানা শাখার' সাথে যুক্ত ছিলাম এবং সেখানে একটি সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। এই দীর্ঘ পথচলায় আমি অনেক কিছু শিখেছি এবং অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে।

​তবে সময়ের সাথে সাথে এবং সাম্প্রতিক পরিস্থিতি ও ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে আমি বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমি মনে করি, দেশের সেবা এবং নৈতিক কাজের ক্ষেত্র শুধু নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ নয়। বরং একজন সচেতন নাগরিক হিসেবে আমি এখন থেকে স্বতন্ত্র অবস্থান থেকে সমাজের কল্যাণে কাজ করতে চাই।

​তাই আজ থেকে আমি আমার বর্তমান সাংগঠনিক পদ এবং উক্ত সংগঠনের সকল কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি গ্রহণ করছি। ভবিষ্যতে আমি আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা রাখছি না। আমার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং দীর্ঘ চিন্তাভাবনার ফসল।

​যাদের সাথে অতীতে কাজ করেছি, তাদের প্রতি আমার সম্মান ও শুভকামনা রইল। তবে এখন থেকে আমি কেবল সাধারণ একজন নাগরিক হিসেবে নিজের পেশা, পরিবার এবং ব্যক্তিগত জীবন নিয়ে এগিয়ে যেতে চাই।​সবার কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’

এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. ইব্রাহিম বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়।’

মহিপুর থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল জোবায়ের (সিফাত মুসুল্লি) বলেন, ‘সংগঠনের কার্যক্রমে সক্রিয় থাকতে হলে পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। ইব্রাহিম ভাই পারিবারিক ব্যস্ততার কারণে সময় দিতে পারছিলেন না। আমাদের সঙ্গে আলোচনা করেই তিনি অব্যাহতি নিয়েছেন।’

পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি কে এম তামিম হোসাইন বলেন, ‘ইব্রাহিম দীর্ঘদিন সংগঠনের সাথে কাজ করেছেন। তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সংগঠন সম্মান জানায় এবং তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup