

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আজ শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ। পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজ আজ আদায় করবেন বিশ্বের কোটি কোটি মুসল্লি।
এদিন মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন সৌদি আরবের প্রখ্যাত দুই আলেম ও ক্বারি।
মসজিদে হারামে জুমা পড়াবেন শায়খ সালেহ আল-হুমাইদ
আজ পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ। তিনি সৌদি আরবের খ্যাতিমান আলেম, বিচারক ও ইসলামি শিক্ষাবিদদের অন্যতম। ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে জন্মগ্রহণ করেন শায়খ সালেহ আল-হুমাইদ।
তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯৭৫ সালে সেখান থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর ১৯৭৬ সালে মাস্টার্স এবং ১৯৮২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
মাত্র ৩৩ বছর বয়সে, ১৯৮৩ সালে তিনি মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব লাভ করেন। দীর্ঘ সময় ধরে পবিত্র কাবা শরিফে ইমামতি ও খুতবা প্রদানের মাধ্যমে তিনি মুসলিম বিশ্বের কাছে পরিচিতি লাভ করেন।
শায়খ আল-হুমাইদ শুধু ইমাম ও খতিব হিসেবেই নয়, সৌদি আরবের বিচার ও আইন অঙ্গনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সৌদি শুরা কাউন্সিলের স্পিকার এবং হাই জুডিশিয়ারি কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সৌদি আরবের সিনিয়র স্কলার্স কাউন্সিলের সদস্য এবং রাজকীয় আদালতের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মসজিদে নববিতে জুমা পড়াবেন ড. খালিদ আল-মুহান্না
এদিকে মদিনার পবিত্র মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন প্রখ্যাত আলেম ও কারি শায়খ ড. খালিদ ইবনে সুলাইমান ইবনে আবদুল্লাহ আল-মুহান্না। তিনি ১৯৭৬ সালে সৌদি আরবের আল-আহসা অঞ্চলে জন্মগ্রহণ করেন ড. খালিদ আল-মুহান্না।
তাঁর বাবা শায়খ সুলাইমান ইবনে আবদুল্লাহ ছিলেন সুপরিচিত আলেম এবং রিয়াদের পাবলিক কোর্টের বিচারক। শৈশবেই পবিত্র কোরআন হিফজ করেন ড. আল-মুহান্না। এরপর তিনি ইসলামি শিক্ষায় উচ্চতর পড়াশোনা শুরু করেন। ১৯৯৭ সালে ইমাম মুহাম্মাদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দিন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে ২০০৩ সালে মাস্টার্স এবং ২০০৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইসলামি জ্ঞানচর্চায় তিনি সৌদি আরবের প্রখ্যাত আলেমদের সান্নিধ্য লাভ করেন। বিশেষ করে শায়খ আবদুল আজিজ ইবনে বাজ (রহ.) ও শায়খ আবদুল্লাহ ইবনে আকিল (রহ.)-এর কাছ থেকে সরাসরি জ্ঞান অর্জনের সুযোগ পান।
ড. খালিদ আল-মুহান্না অধ্যাপনার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালে ইমাম মুহাম্মাদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দিন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে ২০০৯ সালে একই বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব লাভ করেন। ইসলামি জ্ঞান ও কোরআন-হাদিসের শিক্ষাদানের পাশাপাশি তাঁর কণ্ঠের মাধুর্য ও সুন্দর কিরাতও তাঁকে বিশেষ পরিচিতি এনে দেয়।
২০১৫ ও ২০১৬ সালে পবিত্র রমজান মাসে তাঁকে মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে মসজিদে নববির ইমামদের তালিকায় তিনি বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন।

