শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শুভ দীপাবলি ও শ্যামাপূজা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:২৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি আজ সোমবার পালিত হচ্ছে।

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর এই পূজা অনুষ্ঠিত হয়।

শক্তি, শান্তি ও রক্ষার প্রতীক দেবী শ্যামার আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আয়োজন চলছে। মন্দির ও বাড়িঘরে দীপজ্বালনের আলোয় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র।

দীপাবলি মূলত আলোক উৎসব হিসেবে পরিচিত। অশুভের পরাজয় ও শুভের বিজয়ের প্রতীক এই উৎসব অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। তাই এই দিনটিতে শুভ, কল্যাণ ও ইতিবাচক শক্তির আরাধনায় মেতে ওঠেন ভক্তরা।

দুর্গাপূজা ও কালীপূজার পার্থক্য নিয়ে শাস্ত্রীয় ব্যাখ্যায় বলা হয়- দুর্গা হলেন অন্নদাত্রী ও উর্বরতার প্রতীক, আর কালী প্রলয় ও শক্তির দেবী। কথিত আছে, দেবী কালী দুর্গার ললাট থেকে ক্রোধরূপে উদ্ভূত, অর্থাৎ তিনি দুর্গারই আরেক প্রকাশ।

ধর্মগ্রন্থে উল্লেখ আছে, দেবী কালীর এগারোটি ভিন্ন রূপ রয়েছে, প্রতিটির মাহাত্ম্য আলাদা। এই পূজাকে শ্যামাপূজা বা মহানিশী পূজা নামেও অভিহিত করা হয়।

পূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মন্দিরে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনও নিয়েছে বিশেষ ব্যবস্থা।

ঘরোয়া ও মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা স্থাপন করে ভক্তরা দেবী কালীকে আহ্বান জানাচ্ছেন। লোকবিশ্বাস অনুযায়ী, দেবী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী, তাই অনেক স্থানে শ্মশানকালী পূজার আয়োজনও করা হয়।

রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় শ্যামাপূজা ব্যাপক উৎসাহের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া রমনা কালীমন্দির, মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির ও বরদেশ্বরী কালীমাতা মন্দিরেও চলছে বিশেষ পূজা আয়োজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup