বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মদিনা বিশ্ববিদ্যালয়ের পিএইচডিতে সুযোগ পেলেন তিন বাংলাদেশি আলেম

মোহাম্মদ কামাল উদ্দিন, সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৯:০৯ এএম
পিএইচডিতে উত্তীর্ণ তিন বাংলাদেশি আলেম
expand
পিএইচডিতে উত্তীর্ণ তিন বাংলাদেশি আলেম

মদিনার শ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় বাংলাদেশের তিন তরুণ আলেম একসঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে ইসলামী অর্থনীতি বিভাগের আব্দুর রহমান আবু তালেব, আরবি ভাষা বিভাগের মুহাম্মদ মুশাহিদ দেওয়ান এবং হাদিস বিভাগের এমফিল শিক্ষার্থী ফাহাদ মৃধা রয়েছেন।

তারা বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন কওমি মাদরাসায় পড়াশোনা করেছেন। উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে মদিনায় গিয়ে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল সম্পন্ন করার পর এবার পিএইচডি করার সুযোগ পেয়ে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন।

২০২৬ সালের ৮ মার্চ মদিনা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা অনুষদের এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হলে সেখানে এই বাংলাদেশি আলেমদের নাম ঘোষণা করা হয়।

মো. আব্দুর রহমান আবু তালেব বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনুষদের ‘ইসলামী অর্থনীতি’ বিভাগে পিএইচডি প্রোগ্রামে উত্তীর্ণ হয়েছেন। তার বাড়ি রাজধানীর মুহাম্মদপুরে। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় ডিপ্লোমা শেষ করে শরিয়াহ অনুষদ থেকে অনার্স সম্পন্ন করেন। পরবর্তীকালে ইসলামী অর্থনীতিতে মাস্টার্স শেষ করে ড. ফাহাদ বিন মুহাম্মদ বিন আবিদের তত্ত্বাবধানে ‘বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্সের প্রভাব’ শিরোনামে এমফিল সম্পন্ন করেন। তিনি রাজধানীর জামিয়া রাহমানিয়া সাত মসজিদ মাদরাসা থেকে হিফজ ও দাওরা হাদিস সম্পন্ন করেন এবং মিরপুর জামিয়া মুহাম্মদিয়া থেকে ইফতা শেষ করেন। পাশাপাশি দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করেন।

অন্যদিকে শিক্ষার্থী মুহাম্মদ মুশাহিদ দেওয়ান আরবি ভাষা অনুষদের ভাষাতত্ত্ব বিভাগে পিএইচডি প্রোগ্রামে উত্তীর্ণ হয়েছেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায়। তিনি আরবি ভাষা অনুষদ থেকেই পর্যায়ক্রমে অনার্স, মাস্টার্স ও এমফিল সম্পন্ন করেছেন।

ড. ইবরাহিম বিন সালিহ আল আওফির তত্ত্বাবধানে তার এমফিল গবেষণার বিষয় ছিল—ইমাম ইয়াকুত আল হামাবি (মৃত্যু: ৬২৬ হি.)-এর বিখ্যাত গ্রন্থ ‘মুজামুল উদাবা’-তে খাদ্য ও পানীয় সম্পর্কিত শব্দের ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের একই অনুষদের অধীনে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দারুল উলূম মাদানীনগর মাদরাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন এবং বেফাক বোর্ডের তাকমিল পরীক্ষায় সারা দেশে মেধা তালিকায় দশম স্থান অর্জন করেন। পাশাপাশি দাখিল ও আলিম পরীক্ষায়ও জিপিএ–৫ পান।

এদিকে তৃতীয় শিক্ষার্থী ফাহাদ মৃধা হাদিস অনুষদের ‘ফিকহুস সুন্নাহ’ বিভাগে পিএইচডি প্রোগ্রামে উত্তীর্ণ হয়েছেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায়। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় ডিপ্লোমা শেষ করে হাদিস অনুষদ থেকে অনার্স সম্পন্ন করেন এবং পরে ‘ফিকহুস সুন্নাহ’ বিভাগ থেকে মাস্টার্স শেষ করেন।

ড. সালেহ বিন আব্দুল্লাহ আসিরির তত্ত্বাবধানে এমফিল গবেষণাপত্র জমা দিয়েছেন তিনি। শিগগিরই তার গবেষণাপত্রের ডিফেন্স অনুষ্ঠিত হবে। ফাহাদ মৃধা আড়াইহাজার থানার দারুল উলুম দিঘলদী মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেন এবং ঢাকার ফরিদাবাদ মাদরাসায় মিশকাত পর্যন্ত পড়াশোনা করেন। পাশাপাশি দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করেন।

মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় বাংলাদেশের তিন তরুণ আলেম একসঙ্গে উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশসহ সৌদি আরবে বিভিন্ন কাজে কর্মরত প্রবাসীরা তাদের প্রশংসা করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন