মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবির সভাপতি ৬ দিন ধরে নিখোঁজ 

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম
আসাদুল্লাহ আল সাদিক
expand
আসাদুল্লাহ আল সাদিক

বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং ক্যাম্পাস শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আসাদুল্লাহ আল সাদিক (২৪) গত ছয় দিন ধরে নিখোঁজ।

পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় গাইবান্ধার সাঘাটা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, নিখোঁজের ব্যাপারে তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সাদিক গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের বাসিন্দা। তার বাবা মতিউর রহমান বলেন, “ছেলে ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত, তবে কোন পদে আছে তা জানি না।”

পরিবারের সদস্যরা জানান, গত সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সাদিক বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হন।

ট্রেনে যাত্রা করার কথা থাকলেও ট্রেন না পাওয়ায় তিনি পরে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন বলে ফোনে জানান। এরপর থেকে তার ফোন বন্ধ এবং কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবার নিজেদের উদ্যোগে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালিয়েও কোনো তথ্য না পেয়ে গত ২৬ নভেম্বর থানায় জিডি করে।

ছয় দিন পার হলেও সন্ধান না মেলায় স্বজনরা চরম উদ্বেগে রয়েছেন।

এক আত্মীয় বলেন, “দিন কেটে যাচ্ছে, কিন্তু কোনো খবর নেই। কেউ যদি তার অবস্থান সম্পর্কে কিছু জানেন, আমাদের জানালে উপকার হবে।”

সাঘাটা থানার ওসি মনির হোসেন জানান, নিখোঁজের সম্ভাব্য সব দিক বিবেচনায় রাখা হয়েছে।

দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। তার আশা—শিগগিরই কোনো অগ্রগতি পাওয়া যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন