মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের আস্থার ভিত্তি দুর্বল হলে ক্ষমতার স্থায়িত্বও ক্ষণস্থায়ী হয়: মান্না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, জনগণের আস্থার ভিত্তি দুর্বল হলে ক্ষমতার স্থায়িত্বও ক্ষণস্থায়ী হয়।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘জ্বালানি ও জীবনের নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষের জীবনের নিরাপত্তা আজ মারাত্মকভাবে কমে গেছে। এর পরিণতিতে রংপুরের মতো মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে। অথচ সরকার বা দায়িত্বশীল ব্যক্তিরা সেখানে প্রকৃত ঘটনা কী ঘটেছে, তা পরিষ্কার করে বলতে পারছেন না। এ ব্যর্থতার বিরুদ্ধে সাধারণ মানুষ তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং সরকারের বক্তব্যকে অসত্য বলে প্রত্যাখ্যান করছে।

চলমান জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হতে দুই বছর সময় লাগবে। কিন্তু জ্বালানি খাতের মতো একটি জরুরি ক্ষেত্রে সরকারের এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য গ্রহণযোগ্য নয়। অজুহাত না দেখিয়ে সরকারকে অবশ্যই সংকট উত্তরণের কার্যকর পথ বের করতে হবে।

মান্না বলেন, সংকট উত্তরণে সরকারের সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা বা প্ল্যান আছে কি না, তা নিয়ে জনমনে বড় প্রশ্ন তৈরি হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সরকারের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা নেই—এটাই আজ প্রমাণিত হয়েছে।

বর্তমান রাজনৈতিক বাস্তবতার সমালোচনা করে তিনি বলেন, ‘ভালোবাসা আর জনপ্রিয়তা হলো কচুপাতার পানি! এই আছে, এই নেই। জনগণের আস্থার ভিত্তি দুর্বল হলে ক্ষমতার স্থায়িত্বও ক্ষণস্থায়ী হয়।’

আলোচনা সভায় সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন বলেন, প্রধানত গ্যাস সংকট থেকেই বিদ্যুৎ সমস্যা তৈরি হচ্ছে। প্রায় ৩ হাজার ৫০০ মেগাওয়াট রেকর্ড লোডশেডিংয়ের তথ্য জানা যাচ্ছে। এর ফলে কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া, কর্মী ছাঁটাই এবং বিদ্যুৎ সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলাসহ নানা ধরনের শঙ্কা তৈরি হয়েছে। সর্বোপরি এ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

তিনি বলেন, ‘আমরা এলএনজি ইমপোর্ট ঠিকভাবে করতে পারছি না। ছয়টি কার্গো আসার কথা, কিন্তু আসেনি—কেন?’ এ ক্ষেত্রে সমন্বয়হীনতা, অব্যবস্থাপনা বা কোনো ধরনের অনিয়ম থাকলে তা দূর করার আহ্বান জানান তিনি। তা না হলে সংকট আরও ঘনীভূত হবে বলেও মন্তব্য করেন হাসান মামুন।

নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দীপু, দেলোয়ার হোসেন রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, নাগরিক ঐক্যের নেতা আলভি রহমান সীমান্ত প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank