

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও কার্ড প্রকল্পের সমালোচনা করে সারজিস আলম বলেছেন, ‘ফ্যামিলি কার্ড এখন আর আলোচনায় নেই। শুধু কার্ড তৈরির জন্যই ২৪২ কোটি টাকা খরচ করার কথা বলা হয়েছিল। এটি রাষ্ট্রীয় অর্থের অপচয়। পরে তারা বুঝতে পেরেছে, প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব নয়। এই অর্থ কোথা থেকে আসবে, সেটিও বড় প্রশ্ন।’
তিনি বলেন, ‘আমরা ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ শুরু করেছি। তারা এটাকে লংড্রাইভ বলছে। অথচ বেগম খালেদা জিয়াও এভাবেই লংমার্চ করেছিলেন।’
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের একটি পার্টি সেন্টারে জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস আলম।
সারজিস আলম বলেন, জনগণের কল্যাণের কথা বলে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হলেও অনেক ক্ষেত্রেই সেগুলোর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। ফ্যামিলি কার্ড প্রকল্পের ক্ষেত্রেও সরকার শেষ পর্যন্ত এটি বাস্তবায়ন সম্ভব নয় বলে বুঝতে পেরেছে। এ কারণেই এখন এ প্রকল্প নিয়ে সরকারের পক্ষ থেকে তেমন কোনো আলোচনা করা হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের অর্থ ব্যয় করে এমন কোনো প্রকল্প গ্রহণ করা উচিত নয়, যার বাস্তবায়ন নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা থাকে। জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। নির্বাচনের আগে মানুষকে লোভনীয় অফার দিয়ে প্রলুব্ধ করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, বিএনপি সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। এখন তারা বলছে, তারা শিশু। তাহলে তারা কবে তরুণ বা যুবক হবে? বিএনপি সরকারে আসার পর অনেক সংকট তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এতটা সংকট দেখা যায়নি বলে দাবি করেন তিনি। সরকার পরিচালনার জন্য তাদের কোনো ব্যাকআপ বা প্রস্তুতি ছিল না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।


