

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ব্যানারে লং মার্চ করবে কয়েকটি রাজনৈতিক দল। এতে অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কেন এই লং মার্চ কর্মসূচি - সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনি আছেন, আপনার কাছে আমরা আসছি। আপনাদের কথাগুলো আমরা শুনতে চাই। আপনার কী কী সমস্যা আছে, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যেহেতু এই জায়গাগুলোতে ভয়েস রেইজ করতে হয়, আমরা আপনাদের কথাগুলো যেহেতু শুনতে যাচ্ছি, রাস্তার কাছে আপনারা চলে আসবেন। সেখানে আমরা আপনাদের সঙ্গে কথা বলব, আলোচনা করব, কীভাবে নতুন বাংলাদেশ গড়া যায়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের কিছু দায়িত্ববোধ রয়েছে। মানুষের আহ্বানে সাড়া দেওয়া। সে জায়গা থেকে আমরা আমাদের লং মার্চ কর্মসূচি করতে যাচ্ছি। আগামী ৫ সেপ্টেম্বর লং মার্চ অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় শাপলা চত্বর থেকে আমরা যাত্রা শুরু করব।
সরকারের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, সরকার বিভিন্ন জায়গায় প্লেনে, হেলিকপ্টারে, বিমান ভাড়া করে সবাইকে নিয়ে হল ভর্তি করে। আমরা জনগণের প্রয়োজনে যাচ্ছি।
লং মার্চে জনদুর্ভোগের বিষয়ে নাসীরুদ্দিন বলেন, একটা প্রশ্ন আসে যে মানুষের ভোগান্তি হবে কি না। এজন্য আমরা প্রথমে আইজিপিকে চিঠি দিয়েছিলাম, আলোচনা করেছিলাম। সেখানে যেই সিদ্ধান্তগুলো হয়েছে আমরা একটি লাইন ধরে যাব। দুইটা লাইনে আমাদের কোনো গাড়ি থাকবে না, একটা লাইনে থাকব।
তিনি আরও বলেন, আমরা অনেক কিছু সংযোজন করেছি, বিয়োজন করেছি। বাংলাদেশের মানুষের এমনিতেই তেল, গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অস্বস্তি রয়েছে। এই দাবিগুলো পূরণ করার জন্য যেন আরও কোনো মানুষের ভোগান্তি না হয়, কোনো অ্যাম্বুলেন্স যাতে কোথাও আটকা না পড়ে, সেজন্য আমরা এই ব্যবস্থা করেছি।
সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


