শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ উদ্যোক্তাদের ১০ লাখ টাকা অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand

দেশের প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় ১০ জন করে তরুণ উদ্যোক্তাকে আর্থিক সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচিত উদ্যোক্তাদের প্রত্যেককে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। এর মধ্যে থাকবে ঋণ ও শর্তসাপেক্ষ অনুদান।

উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামের এ উদ্যোগ প্রথম পর্যায়ে দেশের ৮ বিভাগের আট জেলায় চালু করা হবে। সফল হলে পর্যায়ক্রমে কর্মসূচিটি সব জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে।

যেভাবে পাওয়া যাবে

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্যোক্তার ধরন ও প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থ দেয়া হবে। যে উদ্যোক্তা যে খাতে কাজ করবেন, তাকে সংশ্লিষ্ট খাতের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ দেয়া হবে। এ ঋণের সুদের হার থাকবে ৪ থেকে ৭ শতাংশের মধ্যে।

অন্যদিকে, অর্থায়নের একটি অংশ আসবে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে। অনুদানের অর্থ সঠিকভাবে কাজে লাগানো হলে সেই টাকা ফেরত দিতে হবে না। তবে নির্ধারিত উদ্দেশ্যে অর্থ ব্যবহার না করলে অনুদানের অর্থ ঋণে পরিণত হবে।

কর্মসূচির আওতায় শুরুতেই অনুদানের একটি অংশ দেয়া হবে। বাকি অর্থ আলাদা হিসাবে রাখা হবে। উদ্যোক্তার ঋণ পরিশোধের আগ্রহ ও নির্দিষ্ট মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে সেই অর্থ ব্যবহারের সুযোগ দেয়া হবে।

কারা পাবেন

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০ আগস্টের সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে ব্যবসার সম্ভাবনাময় ধারণা থাকা অনেক তরুণ প্রাথমিক মূলধন, ব্যবসায়িক পরামর্শ, নেটওয়ার্ক ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের অভাবে উদ্যোগ বাস্তবায়ন করতে পারেন না।

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্ভাবনাময় তরুণদের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও সংক্ষিপ্ত তালিকা তৈরির মাধ্যমে উদ্যোক্তা নির্বাচন করা হবে। নির্বাচনের সময় ব্যবসার সম্ভাবনা, প্রকৃত অর্থের প্রয়োজন এবং ঋণ পরিশোধের সক্ষমতা মূল্যায়ন করা হবে।

প্রতিটি জেলায় একটি ব্যাংক এ কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। তবে উদ্যোক্তা নির্বাচনের পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস, সংশ্লিষ্ট ব্যাংক ও বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন।

মোট ৫ হাজার ৩০ উদ্যোক্তাকে অর্থায়নের পরিকল্পনা

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় মোট ৫০৩টি উপজেলা রয়েছে। প্রতিটি উপজেলায় ১০ জন করে মোট ৫ হাজার ৩০ জন তরুণ উদ্যোক্তাকে অর্থায়নের লক্ষ্য নেয়া হয়েছে।

এ জন্য ৫০০ কোটি টাকার তহবিল অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর অর্ধেক, অর্থাৎ ২৫০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক। বাকি ২৫০ কোটি টাকা জোগান দেবে অংশগ্রহণকারী ব্যাংকগুলো। এ অর্থের একটি অংশ বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকেও আসবে।

কর্মসূচির প্রশাসনিক ও বাস্তবায়ন ব্যয়ও নির্ধারণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে উদ্যোক্তা খোঁজা ও প্রচার, আবেদন যাচাই, সভা-সেমিনার, কর্মশালা, ব্যবসায়িক ধারণা মূল্যায়ন এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির খরচ বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই তহবিল থেকে বহন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank