

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ছোট পর্দা, ওটিটি এবং চলচ্চিত্র- সব মাধ্যমেই চমৎকার অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে চলছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছন্দময় এই ক্যারিয়ারের মাঝেই হঠাৎ ঘটে ছন্দপতন।
গত বছরের ফেব্রুয়ারিতে জানা যায়, তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। এরপর ১৫ ফেব্রুয়ারি দেশের একটি বেসরকারি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ভারতের চেন্নাইয়ে, যেখানে সফলভাবে তার দ্বিতীয় অস্ত্রোপচারটি সম্পন্ন হয়।
ফেসবুকে দেওয়া এক বার্তায় তানিয়া নিজেই তার অস্ত্রোপচারের খবর ও সুস্থতার আশা প্রকাশ করেছিলেন। গত ১ এপ্রিল হাতে হাসপাতালের ট্যাগসহ নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আবার শুরু করি তানিয়া।’ ঠিক তার দুই দিন পর, ৩ এপ্রিল তৃতীয় সার্জারির কথা জানিয়ে ইতিবাচক ভঙ্গিতে লেখেন, ‘তৃতীয় সার্জারি। জীবন সুন্দর তানিয়া।’
কয়েক মাসের এই কঠিন লড়াই শেষে তার ভক্তদের মনে বড় প্রশ্ন ছিল- এখন কেমন আছেন প্রিয় তারকা? সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তানিয়া বৃষ্টি এখন বেশ ভালো আছেন এবং আগের চেয়ে অনেক সুস্থ। সব ঠিক থাকলে খুব শিগগিরই তিনি আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা জগতে ফিরতে পারেন।
অসুস্থতার কারণে কাজ থেকে খানিকটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়া বৃষ্টি বেশ সক্রিয়। নিয়মিত ছবি শেয়ার করার পাশাপাশি নিজের পুরোনো ও প্রচারিত নাটকগুলোর প্রচারণা চালাচ্ছেন তিনি।
কাজে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তার হাতে রয়েছে রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ নামের নতুন একটি সিনেমার কাজ। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে তারিক আনাম খান, সাবেরী আলম, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, আদর আজাদসহ একঝাঁক জনপ্রিয় তারকাকে।


