

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের (এমপি) জড়িত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই হামলার পেছনে স্থানীয় এমপির কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে বোমা হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এর আগে রাত পৌনে ১০টার দিকে সমাবেশ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
তিনি বলেন, এইখানকার যে স্থানীয় এমপি, আমরা মনে করি এটা তারও দায়। এখানে তার সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলছেন, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, এই হয়ে গেছে সেই হয়ে গেছে, কিন্তু ছাত্রলীগের যে মিছিল হচ্ছে তা থামাতে পারছেন না।
নাহিদ ইসলাম বলেন, একদিকে কথা বলা হচ্ছে বড় বড়, কিন্তু প্রশাসনিকভাবে তাদেরকে আসকারা দেওয়া হচ্ছে। সারাদেশে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের পুনর্বাসনের সঙ্গে বিএনপি জড়িত। তারা ৫ আগস্টের পির বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করেছে, মামলার ভয় দেখিয়ে এক ধরনের ব্ল্যাকমেইল করেছে, তাদের থেকে টাকা পয়সা নিয়েছে, ভোট নিয়েছে। তাদেরকে দিয়ে এখন সন্ত্রাসী কার্যক্রমও করাচ্ছে। আমরা এখানে আইনি কার্যক্রম যেটা সেটা করলাম। সাভার থানা পুলিশ কতটুকু পারবে সেটা আমরা নিশ্চিত নই।
তিনি বলেন, আমরা জনগণের কাছে বলে গেলাম। আমাদের রাজনৈতিক প্রতিবাদ ও প্রতিরোধ এটার বিরুদ্ধে থাকবে। ফ্যাসিস্টদেরকে যারাই প্রশয় দেবে, পুনর্বাসিত করবে বা সন্ত্রাসীদের এই ধরনের বোমাবাজির রাজনীতি যারা বাংলাদেশে আবার নতুন করে শুরু করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণ অবশ্যই প্রতিরোধ করবে এবং এনসিপি সেটাকে সংগঠিত করবে।
নাহিদ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এই সাভারে প্রচুর ছেলেপেলে আহত হয়েছে। আজকে এক জুলাই শহীদের বাবা আহত হয়েছেন কর্মসূচিতে এসে। এটা স্পষ্টতই স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা নিরাপত্তাজনিত ব্যর্থতা। তারা আওয়ামী লীগের প্রশ্নে ডিল করতে পারে নাই। জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারে নাই। যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে ক্ষমতায় বা গদিতে বসে থাকার অধিকারও তারা খুব শিগগিরই হারাবে বলে আমরা মনে করি।
তিনি বলেন, আমারা দ্রুত সময়ের মধ্যে এই হামলার বিচার চাই। তার বিচার নিশ্চিত করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে সরকার অলরেডি কিন্তু জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে। সংস্কার বাস্তবায়ন করলে আজকে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারত, পুলিশ কমিশন হতো। তখন পুলিশ স্থানীয় এমপির রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে কাজ করতে পারত। সরকার পুলিশকে আবার দলীয়করণ করছে। ক্ষমতা কুক্ষিগত করছে।
