বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের নিন্দা এনসিপির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৯:২৯ পিএম
এনসিপি লোগো
expand
এনসিপি লোগো

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রাথমিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১১ মার্চ) রাতে প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিপি শিক্ষা ও গবেষণা সেলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এনসিপি বিবৃতিতে উল্লেখ করেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধি করা এবং অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে শিক্ষকদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পার্টি মনে করে, বিগত সময়ে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী এবং শিক্ষাগত যোগ্যতাবিহীন ব্যক্তিরা সভাপতি হিসেবে থাকায় বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের নজির স্থাপন করেছিলেন। এমনকি অনেক ক্ষেত্রে শিক্ষকদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।

অন্তর্বর্তীকালীন সরকার আগের সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল, যা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল এবং শিক্ষাব্যবস্থায় সংস্কারের সূচনা হিসেবে বিবেচিত হয়েছিল।

এনসিপি আশা করেছিল, নবনির্বাচিত সরকার ও শিক্ষা মন্ত্রণালয় পূর্ববর্তী ইতিবাচক সংস্কারগুলো বজায় রেখে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেবে। তবে পার্টি দুঃখ প্রকাশ করেছে যে, বর্তমান সরকার পক্ষ থেকে পশ্চাৎমুখী প্রবণতার আভাস দেখা যাচ্ছে।

এনসিপি প্রাথমিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন