মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজকে চাঁদাবাজ বলাও কঠিন হয়ে পড়েছে: নাহিদ ইসলাম

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০১:০৮ এএম
বরিশালে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে নাহিদ ইসলাম
expand
বরিশালে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে নাহিদ ইসলাম

বর্তমানে দেশে এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে চাঁদাবাজকে চাঁদাবাজ বলাও কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৮ মার্চ) বরিশালে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে দায়ের করা মামলার নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম একে ‘আওয়ামী স্টাইল’ বলে মন্তব্য করেন।

তিনি দাবি করেন, নির্বাচনে বিভিন্নভাবে কারচুপি করে নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলমসহ কয়েকজন প্রার্থী এবং ১১ দলীয় জোটের কয়েকজন সংসদ প্রার্থীকে পরাজিত করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোট কারচুপি ও ভোট ডাকাতি, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’

তিনি বলেন, ‘১২ তারিখের সংসদ অধিবেশনে সংস্কার পরিষদ গঠন না করা হলে এবং সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে নিজেদের অধিকার রক্ষায় আবারও রাজপথে নামতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের তরুণ ও নাগরিকরা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। তারা সংস্কারের পক্ষে মত দিয়েছেন। কিন্তু এখন সংস্কার ঠেকাতে নানা ধরনের ফন্দি করা হচ্ছে।’

এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, দেশে আবারও ভারতীয় আধিপত্যবাদের চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যদি আপনাকে ক্ষমতায় থাকতে হয়, তবে ভারতের সঙ্গে নয়—বাংলাদেশের মানুষের সঙ্গেই থাকতে হবে।’

ইফতার মাহফিলে এনসিপির বরিশাল জেলা আহ্বায়ক আবু সাইদ মুশা, সদস্য সচিব আবু সাইদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আকবর তালুকদার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহম্মেদ রনি, মহানগর নেতা মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন