শুক্রবার
০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি থেকে শীর্ষ ৭ নেতার পদত্যাগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০২:০৪ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাতজন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদত্যাগপত্র ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করে।

পদত্যাগ করা নেতারা হলেন- রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জল চাকমা, সংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা ও মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রনয় বিকাশ চাকমা এবং সদস্য বিনয় চাকমা ও সুলেখা চাকমা।

২৪ এর জুলাই গণঅভ্যুথানের চেতনা থেকে সরে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তার স্বতন্ত্র আদর্শ বাদ দিয়ে একটি বৃহৎ রাজনৈতিক দলের সাথে জোট গঠন করে। সেই আদর্শের সাথে জোটে থাকা এবং সে আদর্শ লালন করা সম্ভব নয় এমন কারণ দেখিয়ে লিখিতভাবে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা।

এনসিপির নেতাদের পদত্যাগপত্রের লিখিত কপিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তারা।

পদত্যাগ করা এনসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমা তার পদত্যাগপত্রে লেখেন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি আদর্শ এক সময় আমার কাছে একটা বহুমাত্রিক ও বহুত্ববাদী বিশ্বাসী দল মনে করেছিলাম। কিন্তু বিগত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে এসে একটি বৃহৎ দলের সাথে জোট গঠন করে। এমতাবস্থায় আমার পক্ষে সেই আদর্শকে লালন করা সম্ভব হচ্ছে না। অতএব, আজকে থেকে জাতীয় নাগরিক পার্টির সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিদায় নিলাম এবং সাথে সাথে আজকে থেকে জাতীয় নাগরিক পার্টি পদ থেকে পদত্যাগ করলাম।

পদত্যাগের বিষয়ে উজ্জ্বল চাকমার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া যায়নি।

এ বিষয়ে এনসিপির রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, আমার জেলা শাখার আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা নাকি পদত্যাগ করেছেন শুনেছি। তবে আমার কাছে কোনো লিখিত আবেদন করেননি। তবে হঠাৎ গণহারে এভাবে পদত্যাগ করার কারণ কী তা আমরা সাংগঠনিকভাবে খতিয়ে দেখব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন