বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করা হচ্ছে: এনসিপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।

এসময় মনিরা শারমিন বলেন, ‘আমরা দেখছি ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করা হচ্ছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের বড় ভূমিকা রাখার কথা থাকলেও তারা সেটি রাখছে না; বরং একটি দলের হয়ে কাজ করছে। পুলিশ প্রশাসনও একটি দলের হয়ে কাজ করছে।’

সংবাদমাধ্যম সম্পর্কে তিনি অভিযোগ করেন, ‘মিডিয়াও এর বাইরে না। মিডিয়া নগ্নভাবে একটি দলকে সমর্থন দিচ্ছে এবং সংবাদমাধ্যমের উচ্চপদস্থ জায়গাগুলো একটি দলের দখলে চলে গেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের সূত্র টেনে মনিরা শারমিন বলেন, ‘তারেক রহমান এক জনসভায় বলেছেন বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। অন্যদিকে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানলাম যে ব্যাংকগুলোর কাছে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক। সেই পরিচালকের ব্যক্তিগত চাহিদাপত্রের ভিত্তিতেই এই তথ্য চাওয়া হয়েছে।’

তিনি আরও জানান, নির্বাচনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহৃত হচ্ছে। একটি বিশেষ দলকে সহযোগিতা করার জন্য এভাবে তথ্য চাওয়া নির্বাচনী আচরণবিধির পরিপন্থী এবং একটি দেশের নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এটি কোনো ভালো বার্তা দেয় না।

এনসিপির এই নেত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ পার পাবে না। এনসিপি এবং ১১ দলীয় জোট বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করছে। আমরা রাজপথে আন্দোলন করব। আপাতত নির্বাচন পর্যন্ত আমরা অত্যন্ত ধৈর্য সহকারে পরিস্থিতি দেখছি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X