

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি কুরআন সুন্নাহ বিরোধী আইন না করার প্রতিশ্রুতি দিয়ে কুরআন সুন্নাহ বিরোধী আইন পাস করেছে।
তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগে বলেছিল তারা কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না, মদিনা সনদে দেশ পরিচালনা করবে। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সংসদে কুরআন সুন্নাহ বিরোধী আইন পাস করেছে। সংসদে কুরআন সুন্নাহ বিরোধী সেই আইনের প্রতিবাদে বিরোধী দলীয় সংসদ সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে সংসদ থেকে ওয়াক-আউট করেছে।
জাতীয় সংসদে কুরআন সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাসের প্রতিবাদে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেইটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে কুরআন ও সুন্নাহ বিরোধী আইন পাস করে বর্তমান সরকার কর্তৃত্ববাদী শাসন কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, কুরআন সুন্নাহ বিরোধী আইন পাস করে সরকার যেই দুঃসাহস দেখিয়েছে এর করুণ পরিণাম সরকারকে ভোগ করতে হবে। ইসলামের বিধান নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য আইনমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান নাই যার কারণে আপনি সংসদে দাঁড়িয়ে ইসলামী বিধানকে ভুলভাবে উপস্থাপন করেছেন। ইসলামের বিধানের বিপক্ষে গিয়ে মনগড়া আইন তৈরি করছেন। কুরআন ও সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন এবং মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে, কুরআন সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাসের প্রতিবাদে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড় অতিক্রম করে বিজয়নগর গিয়ে শেষ হয়। এসময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


