শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মালিক-শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী জামায়াত: শফিকুর রহমান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৭:২৩ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। তিনি বলেন,আমরা এমন একটি ব্যবস্থা চাই যেখানে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক নিশ্চিত হবে এবং মালিক-শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখবে।

শুক্রবার (১ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

জামায়াত আমির অভিযোগ করে বলেন, বামপন্থিরা শ্রমিকদের নিয়ে সংগ্রাম করে, যেকোন ইস্যু আসলেই সামনে এসে দাঁড়িয়ে যায়। তারপর আন্দোলন দানা বেঁধে উঠলে, তাদের ভাগ পেয়ে সন্তুষ্ট হয়ে যায়। এভাবে যুগ যুগ ধরে নেতা-নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, সারা বছর সবাই শ্রমিক অধিকারের কথা বললেও বাস্তবায়ন করার সময় তা ভুলে যান। শ্রমিকদের উন্নয়ন ছাড়া সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। দেশের ভেতরের শ্রমিকদের পাশাপাশি প্রবাসী শ্রমিকরাও চরম অবহেলা ও বঞ্চনার শিকার। রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব দূতাবাসগুলোর থাকলেও অনেক ক্ষেত্রে তাদের কার্যক্রমের কারণেই প্রবাসীদের ভোগান্তি বাড়ছে।

জামায়াত খতমের রাজনীতিতে বিশ্বাস করে না বলে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, রাজপথের পাশাপাশি সংসদেও শ্রমিকদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবে জামায়াতে ইসলামী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন