শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এইচআরএসএসের জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড ও র‍্যালি

জাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৬, ০২:১৬ পিএম
‘২য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড–২০২৬’ আয়োজন করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি
expand
‘২য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড–২০২৬’ আয়োজন করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি

স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে ‘২য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড–২০২৬’ আয়োজন করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে প্রায় ১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে শুক্রবার (১ মে) একযোগে এই অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম কলেজ কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষা শেষে প্রতিটি কেন্দ্র থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মানবাধিকার বিষয়ক বিভিন্ন বার্তা তুলে ধরে সচেতনতা সৃষ্টির আহ্বান জানায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত ছিলেন এইচআরএসএসের নির্বাহী সম্পাদক ইজাজুল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার মো. শরীফুল ইসলাম।

এ বিষয়ে ইজাজুল ইসলাম বলেন, মানবাধিকার সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল করে তোলা সময়ের দাবি। এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জনই নয়, বরং মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অনুপ্রেরণা পাবে।

অন্যদিকে অধ্যাপক মো. শরীফুল ইসলাম বলেন, মানবাধিকার বিষয়ে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী।

বর্তমান বিশ্বে মানবাধিকার রক্ষার নানা চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার বিকল্প নেই। এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশের পাশাপাশি ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণদের গড়ে তুলতে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন