

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদে দেওয়া নিজের বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়ারেছ। সেইসঙ্গে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ জাতীয় নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
বক্তব্যের শুরুতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। পাশাপাশি জিয়াউর রহমান এবং মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিও শ্রদ্ধা জানান তিনি। জুলাই আন্দোলনে নিহতদের কথাও উল্লেখ করে শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
নিজ এলাকার সমস্যার কথা তুলে ধরে আবদুল ওয়ারেছ বলেন, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চারটি ইউনিয়ন যমুনা নদীভাঙনের কারণে বিলীন হয়েছে। নদী শাসন কার্যক্রম চললেও অনেক জায়গায় এখনো স্থায়ী বাঁধ বা প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। স্কুল ও বসতবাড়ি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সাঘাটা ও ফুলছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জনবল সংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, ১০০ জনের বেশি পদের মধ্যে অর্ধেকের বেশি খালি পড়ে আছে। এমনকি ক্লিনার ও নৈশপ্রহরীও নেই। অবিলম্বে এসব পদে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিও জানান তিনি।
সংবিধানের ব্যাখ্যা এবং স্বাধীনতার ঘোষক সংক্রান্ত বিষয়ে আপত্তি তুলে ধরে গাইবান্ধা-৫ আসনের এই সংসদ সদস্য বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানে মহা অসত্য রয়েছে, তিনি ন্যায্যভাবে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু সেই সংবিধানে এখনো স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবকে রাখা হয়েছে। আমি নিন্দা করছি, তীব্র আপত্তি করছি। ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন পর্যন্ত কেন সংসদে লিপিবদ্ধ করা হলো না? কাজেই দাবি করছি, এই মেয়াদের মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে সংসদে লিপিবদ্ধ করা হোক।
মন্তব্য করুন
