শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কোনো সময় ছাত্রদলের কমিটি, শেষ মুহুর্তে আলোচনায় যারা

মো. ইলিয়াস
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৯:৫৯ পিএম আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১০:১১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর নতুন কেন্দ্রীয় কমিটি পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের নতুন কমিটির তালিকা এখন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে। যে কোনো সময় কমিটি ঘোষণা করা হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ছাত্রদলের বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ছাত্রদলের বিদায়ী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।

সাক্ষাৎকালে তারেক রহমান ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়া এবং নতুন কমিটি গঠনের বিষয়ে নেতাদের অবহিত করেন। ২০২৪ সালে আন্দোলনে সংগঠনের ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেছেন তারেক রহমান। এসময় নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব হস্তান্তরের সুস্পষ্ট বার্তাও দেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বিদায়ী নেতৃত্ব ভবিষ্যতে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবে বলেও আশ্বস্ত করেন। একই সঙ্গে নিয়মতান্ত্রিকভাবে নতুন নেতৃত্ব বের করে আনার ওপর গুরুত্ব দেন। নেতৃত্বের জট তৈরি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। নিয়মিত শিক্ষার্থীদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার পক্ষে মত দেন বিএনপি চেয়ারম্যান।

ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বর্তমান কমিটি থেকে বিদায় নেন সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সাক্ষাতের পর সংগঠনের নেতারা নতুন কমিটি শিগগিরই আসার ইঙ্গিত পেয়েছেন বলে জানান।

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার অপেক্ষায় সংগঠনজুড়ে শেষ মুহূর্তের তৎপরতা বেড়েছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে প্রত্যাশী নেতারা এখন বিএনপির নীতিনির্ধারক, সাবেক ছাত্রনেতা ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রক্ষা করছেন।

নয়াপল্টন ও গুলশানকেন্দ্রিক রাজনৈতিক অঙ্গনে গত কয়েক দিনে পদপ্রত্যাশীদের উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে। কেউ নিজের সাংগঠনিক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরছেন, কেউ আবার জেলা-মহানগর ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাদের সমর্থন নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন।

বিদায়ী বার্তা দিলেন ছাত্রদল সভাপতি ও সম্পাদক

সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিদায়ের ইঙ্গিত দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। পোস্টে তিনি লিখেছেন, নিয়ম অনুযায়ী ছাত্রদলে আমাদের প্রয়োজনীয়তা শেষ হয়েছে—এখন সময় এসেছে নতুনদের সুযোগ করে দেওয়ার এবং মূল দলের রাজনীতিতে যুক্ত হওয়ার। তার এই মন্তব্যে সংগঠনটির বর্তমান অধ্যায়ের সমাপ্তি ও নতুন কমিটি আসার বার্তা আরও স্পষ্ট হয়ে ওঠে।

রাকিব ফেসবুক পোস্টে লিখেছেন, অত্যন্ত সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে। ছাত্রদলের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাকিব দায়িত্ব পালনের সময়ে নিজের ভুলত্রুটির কথাও স্বীকার করেছেন। একইসঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিদায়ের ইঙ্গিত দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ফেসবুক পোস্টে লিখেছেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আজ শেষ দিন। এর মধ্য দিয়ে দীর্ঘ, কঠিন, ঘটনাবহুল এবং একই সঙ্গে গৌরবের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটছে। বিদায়ের মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠছে অসংখ্য স্মৃতি সংগ্রাম, সাফল্য, ব্যর্থতা, আনন্দ, বেদনা এবং সবচেয়ে বেশি করে সহযোদ্ধাদের ভালোবাসা।

এদিকে শুক্রবার (১৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে প্রশ্ন করা হলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই আসবে।’

‘রাকিব-নাছির’ কমিটির বিদায় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নিঃসন্দেহে দলের হাইকমান্ড তাদের সঙ্গে কথা বলছেন। তাদের সঙ্গে কী কথা হয়েছে, কী নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা আমি এই মুহূর্তে বলতে পারব না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়, তাহলে সেটা তো নিঃসন্দেহে আমরা প্রেস রিলিজ আকারে আপনাদের বলে দেব। এখন পর্যন্ত আমার কাছে কোনো নির্দেশনা আসেনি।’

পদ প্রত্যাশী নেতাদের মধ্যে যারা আলোচনা রয়েছেন-

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি পদে বর্তমান কমিটির একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষ থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা শ্যামল মালুম। ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে বর্তমান কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, মঞ্জুরুল আলম রিয়াদ, এইচ এম আবু জাফর, এজাজুল কবির রুয়েল ও ডা. তৌহিদুর রহমান আউয়ালের নাম আলোচনায় রয়েছে।

এ ছাড়া ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে সংগঠনের সঙ্গে যুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, কাজী জিয়া উদ্দিন বাসিত, মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের নামও সভাপতি পদে সম্ভাব্য হিসেবে আলোচনায় রয়েছে।

সাধারণ সম্পাদক পদে যারা

সাধারণ সম্পাদক পদে ২০১০-১১ শিক্ষাবর্ষের বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিকের নাম আলোচনায় রয়েছে।

এ ছাড়া ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন ও সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নামও আলোচনায় রয়েছে।

যা বলছেন পদ প্রত্যাশীরা

জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক এনপিবি নিউজকে জানান, আমি নিজেকে ছাত্রদলের একজন কর্মী মনে করি। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। কখনোই আমি পিছু হটিনি। আমাদের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যদি ছাত্রদলের জন্য আমাকে যোগ্য মনে করেন আমি দায়িত্ব পালনে প্রস্তুত। আশা করি দল আমার ত্যাগের মূল্যায়ন করবে।

নতুন কমিটির সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী রাজু আহমেদ এনপিবি নিউজকে বলেন, গুলশান অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কেন্দ্রীয় সংসদের সুপার ফাইভের নেতাদের মিটিং হয়। পরবর্তীতে ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি সংক্রান্ত স্টাটাস দেওয়ার পর সবার নজর এখন নতুন কমিটির দিকে। সারা বাংলাদেশে ছাত্রদলের নেতা- কর্মীরা অধীর আগ্রহে আমাদের সাংগঠনিক অবিভাবকের নতুন সিদ্ধান্তের জন্য প্রতীক্ষার প্রহর গুনছে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর এনপিবি নিউজকে বলেন, ছাত্র দলের অভিভাবক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করবেন। নতুন নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাদেরই মূল্যায়ন করবেন বলে প্রত্যাশা করেন তিনি।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. মনজুরুল আলম রিয়াদ এনপিবি নিউজকে বলেন, বড় ছাত্রসংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে প্রতিযোগিতা সবসময়ই থাকে। আমি প্রত্যাশা করি, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান অতীতের মতো এবারও সময়ের চাহিদা অনুযায়ী যোগ্যতম নেতৃত্ব বাছাই করবেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এনপিবি নিউজকে বলেন, নেতৃত্বপ্রত্যাশী সকলেই দল ও দেশের দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় রাজপথে ভূমিকা রেখেছে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যাকেই সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন; আমরা সকলে মিলে তাকে সহযোগিতা করবো

দুই বছরের কমিটির মেয়াদ শেষ

২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটির দায়িত্ব পান বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সময় আবু আফসান মো. ইয়াহিয়া সিনিয়র সহ-সভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমান উল্লাহ আমান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। এরপর ২০২৪ সালের ১৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মেয়াদকাল দুই বছরের প্রস্তাব করা হয়েছে। সে হিসাবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank