

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ ও জুলাই যোদ্ধা শহীদ এমদাদুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় শহীদের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে শহীদ এমদাদুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। পরে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত শেষে ভান্ডারিয়া পৌর অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘জুলাই বিপ্লবের মূল প্রেরণা ও মহানায়ক ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্দোলনের মূল নেতৃত্ব ও দিকনির্দেশনা এসেছে তার কাছ থেকে। এখন আন্দোলনের সুফল দেখে অনেক গুপ্ত দল নানা মুখরোচক কথা বলছে।’
তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান একটি চেতনা ও বিপ্লবের নাম। দেশ থেকে স্বৈরাচার বিদায় করে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জুলাই বিপ্লব ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। জুলাইয়ের চেতনা ধারণ করে ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আন্দোলনে অংশগ্রহণকারীদের আত্মত্যাগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের আত্মত্যাগের কথা জাতি কখনো ভুলবে না। স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধাদের যেভাবে স্মরণ রাখা হয়েছে, ঠিক সেভাবেই জুলাই যোদ্ধাদেরও স্মরণে রাখতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের স্মৃতিকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমান সরকার জুলাই বিপ্লবের প্রতিটি স্মৃতি ও আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। সকল সুযোগ-সুবিধার পাশাপাশি জুলাই বিপ্লবে শহীদ হওয়া পরিবার এবং গুরুতর আহত যোদ্ধাদের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে রাজধানীর মিরপুরে ১৫টি আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ শেষে এসব ভবনে শহীদ ও আহত পরিবারগুলোকে বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, শহীদ এমদাদুল হকের বাবা মো. ছোবাহান হাওলাদার, মা ফাতিমা বেগম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মোল্লা জমাদ্দার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. জুয়েল মৃধা, উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম হাওলাদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৭টি অসহায় পরিবারের মধ্যে মোট ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।