

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ৩০ মে।
১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। দলটির দাবি, দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফলেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এ সময়ের মধ্যে সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ করা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। পাশাপাশি বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। একই দিন সকাল ১১টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা এবং দেশের অন্যান্য ইউনিটে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হচ্ছে। একইভাবে জেলা, মহানগর ও স্থানীয় পর্যায়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং মানবিক সহায়তা কর্মসূচি পালিত হচ্ছে।
৩১ মে রোববার বেলা ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের জন্য তাকে অনেকেই ‘বহুদলীয় গণতন্ত্রের জনক’ হিসেবে অভিহিত করেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা হিসেবেও তাকে উল্লেখ করা হয়। জাতীয়তাবাদভিত্তিক রাজনৈতিক দর্শনের মাধ্যমে তিনি দেশের রাজনীতিতে একটি স্থায়ী প্রভাব রেখে গেছেন।
তার প্রতিষ্ঠিত বিএনপি সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএনপি এ পর্যন্ত পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। প্রতি বছর ৩০ মে শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দিনটি পালন করে থাকে।
তবে গত বছরের ডিসেম্বরে বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় এবার তার অনুপস্থিতিতেই দলটিকে এই কর্মসূচিগুলো পালন করতে হচ্ছে।
