

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি বছরেই জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘদিন পর এই কাউন্সিল ঘিরে দলীয় কার্যক্রমে নতুন গতি আসার আভাস মিলছে। একই সঙ্গে কাউন্সিলের পর সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দিনক্ষণ ঠিক না হলেও এ বছরই হচ্ছে দলের কাউন্সিল। এর আগে হবে তৃণমূলের সম্মেলন।
প্রায় এক দশক আগে বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। মাঝের দীর্ঘ সময়টিতে রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের কারণে নতুন কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিষয়টি আবারও আলোচনায় এসেছে এবং স্থায়ী কমিটির বৈঠকেও গুরুত্ব পেয়েছে।
আসন্ন কাউন্সিলে নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন মির্জা ফখরুল। তিনি জানান, আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে। অসুস্থ হয়ে যাচ্ছি।
২০১৬ সালের মার্চ থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তিনি ভারপ্রাপ্ত মহাসচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বও পালন করেন।
উল্লেখ্য, ছাত্রজীবন থেকেই রাজনীতিতে বেশ সক্রিয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত হন এবং ধীরে ধীরে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পেশাজীবন শুরু করলেও রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের জন্য সরকারি চাকরি ছেড়ে দেন।
১৯৮০-এর দশকে স্থানীয় সরকারে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পর তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন এবং জেলা পর্যায় থেকে জাতীয় নেতৃত্বে উঠে আসেন। দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা নিয়ে বর্তমানে দলের অন্যতম শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
মন্তব্য করুন
