শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আপনাদের পাশে আগেও ছিলাম, আগামীতেও থাকবো: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ এএম
ইফতার ও দোয়া মাহফিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
expand
ইফতার ও দোয়া মাহফিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নির্বাচনের পর উপজেলাগুলোর প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলীয় পরিচয়ে কোনো ধরনের মারামারি বা কোন্দল বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী, সোনাপুর ও যদুনন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “মারামারি করে হাসপাতালে যেতে হয়, মামলা-হামলা হয়—এসবের কোনো সুফল নেই। আমাদের লক্ষ্য হওয়া উচিত উন্নয়ন। বল্লভদী, যদুনন্দী, সোনাপুরসহ পুরো উপজেলার শিক্ষা, রাস্তাঘাট ও সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে কীভাবে কাজ করা যায়, সেদিকে মনোযোগ দিতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

নিজেকে এলাকার সন্তান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমি এখানে এমপি বা মন্ত্রী হিসেবে আসিনি, আপনাদের সন্তান হিসেবে এসেছি। আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই। আমাকে যারা ভোট দিয়েছেন বা দেননি—আমি সবার প্রতিনিধি, শুধু কোনো একটি দলের নই।”

এসময় তিনি তাঁর বাবা সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী কেএম ওবায়দুর রহমান-এর কথা স্মরণ করে বলেন, “তিনি দায়িত্বে থাকাকালীন যেমন পাশে ছিলেন, দায়িত্বে না থাকলেও মানুষের পাশে থেকেছেন। আমিও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রমজান মাসে সব ধরনের অপকর্ম থেকে বিরত থেকে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। “কোনো ধরনের অনিয়ম বা দুই নম্বরি কাজে কেউ জড়িত হলে আইন তার নিজস্ব গতিতেই চলবে—সে যে দলের, মতের বা ধর্মেরই হোক না কেন,” যোগ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, বিএনপি নেতা মেজর (অব.) শাহ আলম, সরোয়ার হোসেন, বল্লভদী ইউপি চেয়ারম্যান সাইফুর রহমান শাহিন, যুবদল নেতা বালাম হোসেন, মো. জসিম মোল্যা, নুরুল ইসলাম মাতুব্বর, আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মাতুব্বর, কামরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X