

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাহমুদুল হাসান বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে মামলাটি দায়ের করেন।
মামলাটি আমলে নিয়ে বিচারক আব্দুল মন্নান আগামী ৯ মার্চ আদেশের দিন ধার্য করেছেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আঙ্গুর আলীসহ কয়েকজন আইনজীবী।
মামলার বাদী মাহমুদুল হাসান নিজেকে ছাত্রদলের সমর্থক বলে দাবি করেছেন। তবে মামলার বিষয়ে তার আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিমানমন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আতাউর রহমান সেলিমসহ মোট ৫৬ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার একাধিক ব্যক্তিকেও এ মামলায় আসামি করা হয়েছে।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, ২০২৪ সালের ২৪ জুলাই হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের নিকটে ছাত্রজনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এতে তিনি নিজে এবং আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান গণমাধ্যমকে বলেন, মামলার বিষয়টি তার জানা নেই। তবে শুনেছেন, মামলার বাদী নিজেকে ছাত্রদলের সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন। এ বিষয়ে ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য দিলে ভালো হবে বলে তিনি মন্তব্য করেন।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, তিনি বিষয়টি আগে জানতেন না; গণমাধ্যমের মাধ্যমে অবগত হয়েছেন। বিস্তারিত জেনে পরবর্তীতে বক্তব্য দেবেন বলে জানান তিনি।
মন্তব্য করুন
