বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে ইসহাক সরকারকে বহিষ্কার 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ এএম
মোহাম্মদ ইসহাক সরকার
expand
মোহাম্মদ ইসহাক সরকার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন মোহাম্মদ ইসহাক সরকার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় নির্দেশ অমান্যের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারকে বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা-৭ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসহাক সরকার। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতিতে সক্রিয় এই নেতা আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক নিপীড়নের শিকার হন। তার বিরুদ্ধে ৩৬৫টি মামলা দায়ের হয়, যার মধ্যে ১১ মামলায় তাকে সাড়ে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর ও কোতোয়ালির একাংশ নিয়ে গঠিত ঢাকা-৭ আসন ব্যবসা ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত। ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্বের কারণে আসনটি বরাবরই আলোচনায় থাকে।

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবার ভোটের অঙ্ক জটিল হয়ে উঠেছে। দলীয় প্রার্থী হামিদুর রহমানের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন নিজ দলের বিদ্রোহী প্রার্থী ইসহাক সরকার। পাশাপাশি জামায়াতে ইসলামীর প্রার্থী এনায়েত উল্লাহও মাঠে রয়েছে।

সব মিলিয়ে ঢাকা-৭ আসনে এবার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে, যা নির্বাচনী ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X