

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি, নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। সেলিমা আহমাদ ১৯৬০ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।
সেলিমা আহমাদ নিটল-নিলয় গ্রুপের অটোমোবাইল, সিমেন্ট, কাগজ, রিয়েল এস্টেট, ইলেকট্রনিকস ও আর্থিক সেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০১ সালে তিনি বিডব্লিউসিসিআই প্রতিষ্ঠা করেন। নারী উদ্যোক্তা সৃষ্টি, সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং অর্থনৈতিক ক্ষমতায়নে তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি হোমনা-তিতাসের অবকাঠামো, শিক্ষা ও নারী আত্মকর্মসংস্থানে কাজ করেন।
সেলিমা আহমাদ এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদের স্ত্রী। এফবিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, লাশ দেশে আনার পর সেলিমা আহমাদের জানাজা ও দাফন করা হবে।
