সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় পদ্মা সেতু কোথায় কবে হবে, জানালেন সেতুমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) নতুন করে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে সেতুটি কোথায় নির্মাণ করা হবে বা এর কাজ কবে শুরু হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রোববার (০৯ আগস্ট) একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।

শেখ রবিউল আলম বলেন, ‘পদ্মা দ্বিতীয় সেতু নিয়ে ফিজিবিলিটি স্টাডি আমরা রিচেক করছি।’

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্য স্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পাটুরিয়া ঘাট বা আশপাশের কোনো এলাকায় এটি নির্মাণ করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মন্ত্রী বলেন, ‘সে ব্যাপারে এখন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়নি। তবে যেহেতু ফিজিবিলিটি স্টাডিটা রিচেক হচ্ছে, বিবেচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

তিনি জানান, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়টি সরকারের নির্বাচনি ইশতেহারে রয়েছে। আগে এ প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি করা হয়েছিল। সেটিই নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।

উন্নয়ন প্রকল্পের বিষয়ে সরকারের অগ্রাধিকার তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, ‘আমরা নির্বাচনের সময় প্রথমেই বলেছিলাম, আমরা খুব বেশি বড় প্রকল্পকে উৎসাহিত করি না। আমরা জনবান্ধব প্রকল্পকে উৎসাহিত করি। আমরা ডেভেলপমেন্ট বলতে শুধু ইনফ্রাস্ট্রাকচার বুঝাতে চাই না। ডেভেলপমেন্ট বলতে আমরা ১৮ কোটি মানুষের সক্ষমতা বুঝতে চাই। এটাই ডেভেলপমেন্ট।’

তিনি বলেন, ‘শুধু অপ্রয়োজনীয় মেগা প্রকল্পে আমাদের থাকার ইচ্ছা নেই। জনবান্ধব মেগা প্রকল্প যেগুলো আছে, সেখানে আমরা গুরুত্বটা বেশি দিতে চাই।’

এ সময় ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েকে সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর একটি হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, চট্টগ্রামের সঙ্গে ঢাকার সরাসরি ও যানজটমুক্ত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থায়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ‘শুধু অর্থায়নটা কোথা থেকে হবে, সে বিষয়ে আলোচনা চলছে। আমরা পিপিপি মডেলে সেখানে যাচ্ছি।’

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রথম পদ্মা সেতু ২০২২ সালের ২৬ জুন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন