সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত-শিবিরের পাকিস্তানের নাগরিকত্ব নেওয়া উচিত: রাশেদ খান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
রাশেদ খান। ছবি: সংগৃহীত
expand

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি জামায়াত-শিবিরের এত ভালো লাগা থাকলে তাদের বাংলাদেশ ছেড়ে পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন রাশেদ খান। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, জামায়াত-শিবির বাংলাদেশকে আবার পাকিস্তানের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান দাবি করে পোস্টে লিখেন, ‘ভবিষ্যতে জামায়াত-শিবির ক্ষমতায় গেলে বাংলাদেশকে পাকিস্তানের অংশ বানাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালা এর একটি প্রমাণ।’

পোস্টে তিনি লেখেন, ‘ডাকসুকে পুরো জামাতিকরণ করেছে শিবির! ডাকসু যেন শিবিরের প্রধান কার্যালয়! আর তার অংশ হিসেবে ডাকসুতে দেশবিরোধী ও ভাষাবিরোধীদের ছবি টাঙিয়েছে জামায়াত-শিবির!’

ছবি টাঙানোর প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘ছবি যদি টাঙাতে হয়, তবে ১৯৮১ সালে বায়তুল মোকাররমের সামনে জনগণ কর্তৃক গোলাম আযমকে জুতা নিক্ষেপের ছবিও টাঙানো উচিত!’

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহকে যদি এত ভালো লাগে, তবে বাংলাদেশ ছেড়ে জামায়াত-শিবিরের পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করা উচিত!’

তিনি আরও প্রশ্ন করেন, ‘বাংলাদেশে থেকে দেশবিরোধী শক্তিকে প্রাসঙ্গিক করার দুঃসাহস জামায়াত-শিবির কোত্থেকে পায়?’

রাশেদ খান বলেন, ‘সময় থাকতে এই শক্তির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে, এরা বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়বে।’

এর আগে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে বিতর্কের মধ্যে সোমবার দুপুরে সেখানে গিয়ে তিনটি ছবি ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের এক শিক্ষার্থী।

আবু তৈয়ব হাবিলদার নামের ওই শিক্ষার্থী বলেন, ভাষা আন্দোলনের সঙ্গে বিরোধপূর্ণ অবস্থানের জন্য জিন্নাহর ছবি ডাকসু সংগ্রহশালায় রাখা উচিত নয়।

এ ঘটনায় ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও। সংগঠনটির অভিযোগ, ডাকসুর বর্তমান পরিষদ শিক্ষার্থীদের গণআকাঙ্ক্ষা ও বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী চেতনাকে উপেক্ষা করে ‘পাকিস্তান প্রেম’ প্রকাশ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank