

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনার আত্মসমর্পণের আর কোনো সুযোগ নেই। তিনি দেশে ফিরলেই আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাসহ যেসব আসামি ভারতে অবস্থান করছেন এবং যাদের বিরুদ্ধে বাংলাদেশে বিচার হয়েছে বা বিচারাধীন রয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার নিয়মিতভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করছে।
তিনি বলেন, ‘আমরা আশা করি, ভারত সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। কূটনৈতিক চ্যানেলে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করেই তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ইস্যুর কারণে দুই দেশের সম্পর্কের কোনো ব্যাঘাত ঘটবে বলে তিনি মনে করেন না। ‘একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক বহুমাত্রিক। সংলাপ, যোগাযোগ ও সহযোগিতা চলমান থাকবে।’
জুলাইয়ের ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রত্যাশা, দায়ীদের বিচার সম্পন্ন হোক। সরকারও সেই লক্ষ্যেই আন্তরিকভাবে কাজ করছে।
এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু আদালতের রায় হয়েছে, তাই আইনের দৃষ্টিতে তার আত্মসমর্পণের আর সুযোগ নেই। যখনই তিনি বাংলাদেশে আসবেন, তখনই তাকে গ্রেপ্তার করা হবে। এটাই আইনি প্রক্রিয়া।
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভ্রমণ-সংক্রান্ত নথি কীভাবে হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। এ বিষয়ে তারাই বিস্তারিত জানাতে পারবে।
তিনি আরও বলেন, প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়নে ভারত সরকারের সহযোগিতা গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হলে আইনি বিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।