বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে কর্নেল অলির সতর্কবার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৪:১৭ পিএম
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ | ছবি : সংগৃহীত
expand
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ | ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিরাপত্তা, সরকার পরিচালনা ও দলীয় কর্মকাণ্ড নিয়ে একাধিক সতর্কবার্তা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দেওয়ার পাশাপাশি সরকার ও দলের গুরুত্বপূর্ণ পর্যায়ে বিদেশি গুপ্তচর থাকার অভিযোগও তুলেছেন।

বুধবার (০৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দল আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রধান দায়িত্ব হলো দেশে সক্রিয় বিদেশি গুপ্তচরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তার দাবি, এসব ব্যক্তির কারণে সরকার ও দেশ উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে সংস্কারের বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

সরকার ও দলে বিদেশি গুপ্তচর রয়েছে দাবি করে এলডিপি চেয়ারম্যান বলেন, ‘চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করা সম্ভব নয়। আমরা আপনার প্রকাশ্য সমালোচক। কিন্তু যারা আপনার পাশে আছেন, তারাই আপনার প্রকৃত শত্রু হতে পারেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শত্রু দ্বারা পরিবেষ্টিত। সরকার ও দলের গুরুত্বপূর্ণ পর্যায়ে বিদেশি গুপ্তচর রয়েছে। তারা যেকোনো সময় প্রধানমন্ত্রীর বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই তাদের দল থেকে সরিয়ে দেওয়া উচিত।’

দেশের আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কর্নেল অলি। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি হচ্ছে, অর্থনৈতিক অবস্থা ভালো নয় এবং নতুন বিনিয়োগও আসছে না। এ অবস্থায় প্রধানমন্ত্রীকে আরও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

এলডিপি চেয়ারম্যান বলেন, ‘১১ দল আপনার শত্রু নয়, বন্ধু। সে কারণেই আমরা প্রকাশ্যে এসব পরামর্শ দিচ্ছি। আপনি ইতিহাসে একজন নেতা হিসেবে স্মরণীয় হয়ে থাকুন—এটাই আমাদের প্রত্যাশা।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup