

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পদ্মা নদীতে বাসডুবিসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া দুর্ঘটনাকে গত ৫৬ বছরের যোগাযোগ ব্যবস্থার ব্যর্থতার ‘সমন্বিত পরিণতি’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি আক্ষেপ করে বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও দেশের যোগাযোগ অবকাঠামোর অবস্থা এখনো প্রাগৈতিহাসিক কালের মতো ভঙ্গুর ও দুর্ঘটনাপ্রবণ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।
বৈঠকে গতকাল দৌলতদিয়া ঘাটের দুর্ঘটনাসহ এবারের ঈদে বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
ইসলামী আন্দোলনের আমির বলেন, আজ ৫৬তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। আধুনিক বিশ্বে এত দুর্ঘটনা আর কোথাও ঘটে না। বিগত ৫৫ বছরে যাঁরা দেশ পরিচালনা করেছেন, তাদের সবাইকে এর দায় নিতে হবে। তিনি আরও বলেন, অতীতের সব সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত ছিল এই যোগাযোগ ব্যবস্থা। কিন্তু পদে পদে দুর্নীতির কারণে গণযোগাযোগ খাত এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে রেজাউল করীম বলেন, গণযোগাযোগ খাতে গুরুত্ব দিন এবং সব ধরনের সিন্ডিকেটবাজিকে উপেক্ষা করুন। গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্সসহ এই খাতের সব স্তরে বিশ্বমান অনুসরণ করার তাগিদ দিয়ে তিনি বলেন, এসব দুর্ঘটনা আসলে দুর্ঘটনা নয়, এগুলো পদ্ধতিগত গণহত্যার শামিল।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ গিয়াসউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আলহাজ আমিনুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, জিএম রুহুল আমীন ও মুফতি মানসুর আহমেদ সাকি প্রমুখ।
মন্তব্য করুন