বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইনের শাসনে অগ্রাধিকার দিয়ে এবি পার্টির ইশতেহার ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শক্তিশালী রাষ্ট্র গঠন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জাতীয় নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি আইনের শাসন নিশ্চিত করে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই ইশতেহার ঘোষণা করেন। এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, আলতাফ হোসাইনসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, স্বাধীনতা যুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের মূল চেতনাকে ভিত্তি করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়তে এবি পার্টি শুরু থেকেই কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জুলাইয়ে শত শত তরুণের জীবন ও অঙ্গহানির বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। যারা এই প্রত্যাশা ধারণ করতে ব্যর্থ হবে, তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে।

শিক্ষা

ইশতেহারে মুখস্থ-নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের কথা বলা হয়েছে। পাঠ্যক্রম সংস্কার, শিক্ষকতা পেশার আধুনিকায়ন এবং বহুধাবিভক্ত শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা আরও কার্যকর করতে অভিভাবক সংযুক্তি অ্যাপ চালুর মাধ্যমে সুনাগরিক গঠনের পরিকল্পনার কথা জানানো হয়।

স্বাস্থ্য

স্বাস্থ্য খাতে নাগরিকদের জন্য স্বাস্থ্যবিমা চালু, ইউনিয়ন পর্যায়ে সর্বাধুনিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিতে নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান ফার্মেসি সার্ভিস চালুর কথা বলা হয়েছে।

গণপরিবহন ও যোগাযোগ

নগর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে গ্রিন ও রেড বাস সার্ভিস চালু, নিরাপদ মহাসড়ক নিশ্চিত করা, নৌপথে যাতায়াত নির্বিঘ্ন করতে খাল নেটওয়ার্ক স্থাপন এবং পরিবেশবান্ধব সবুজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

আবাসন ও কর্মসংস্থান

আবাসন খাতে সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে ‘সামাজিক আবাসন’ এবং ভাড়াটিয়া-মালিক উভয়ের স্বার্থে ‘রেন্ট টু ওউন স্কিম’ চালুর ঘোষণা দেওয়া হয়। বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে ‘কর্মসংস্থান মিশন’, বিভাগীয় জব সেন্টার প্লাস, ইয়ুথ স্টার্টআপ ফান্ড এবং সোশ্যাল এন্টারপ্রাইজ গ্র্যান্ট স্কিম চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

পরিবেশ ও নারী নিরাপত্তা

আরবান ইকোলজিক্যাল ম্যাপ প্রণয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব গণপরিবহন নিশ্চিত করার কথা বলা হয়েছে। নারী নিরাপত্তা নিশ্চিতে নারীবান্ধব নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলা এবং পারিবারিক সহিংসতা ও ধর্ষণ প্রতিরোধে আইন সংস্কারের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

পররাষ্ট্র ও প্রতিরক্ষা

স্বাধীন ও মর্যাদাসম্পন্ন পররাষ্ট্রনীতি প্রণয়ন, জলবায়ু ও জ্বালানি কূটনীতিকে গুরুত্ব দেওয়া, পাসপোর্টের বৈশ্বিক মর্যাদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ব্র্যান্ডিং জোরদারের কথা বলা হয়েছে। প্রতিরক্ষা খাতে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট ও তরুণদের সম্পৃক্ত করতে পার্টটাইম ন্যাশনাল সার্ভিস চালুর প্রস্তাব রয়েছে।

সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার এবং সহ সাংগঠনিক সম্পাদক শাজাহান ব্যাপারী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup