

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ছোট ও মাঝারি রাজনৈতিক দলগুলোর মধ্যে নানামুখী তৎপরতা শুরু হয়েছে। ভোটের রাজনীতিতে প্রভাব বিস্তার ও নতুন সমীকরণ গড়ার লক্ষ্যে সম্প্রতি নয়টি রাজনৈতিক দলের নেতারা বৈঠকে বসেছেন।
এই বৈঠকে মূলত নতুন জোট গঠনের সম্ভাবনা এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে জোট গঠনের আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নেতারা জানিয়েছেন, পারস্পরিক বোঝাপড়া ও বিভিন্ন ইস্যুতে ঐক্যমত্য হলে আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর হাতিরপুলে একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত বৈঠকটি সকাল সাড়ে ১১টা থেকে তিন ঘণ্টা ধরে চলে। বৈঠকে গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত ছয়টি দল— নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাসানী জনশক্তি পার্টি অংশ নেয়। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও গণঅধিকার পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন এবং বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যদিও বিএনপি ও জামায়াতের মধ্যে সংস্কার প্রশ্নে মতপার্থক্য প্রকাশ্য হয়ে উঠেছে, তবু এ দূরত্ব ঘোচাতে উদ্যোগ নেওয়ার কথাই উঠে এসেছে।
বৈঠকে আলোচনাকে এগিয়ে নিতে এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক আলোচনার দায়িত্বে আছেন জোনায়েদ সাকি, মজিবুর রহমান মঞ্জু ও মো. রাশেদ খান। আর সাংবিধানিক ও আইনগত বিষয় দেখবেন হাসনাত কাইয়ূম, জাবেদ রাসিন ও সানী আবদুল হক।
বৈঠক শেষে কয়েকজন নেতা জানান, জুলাই সনদ বাস্তবায়নে কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করা যায় এবং রাজনৈতিক ঐকমত্য গড়তে কীভাবে এগোনো যায়— এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তারা আরও বলেন, বিএনপি, বাম দল ও ইসলামী ধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গেও শিগগিরই আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন
