মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে জাবেদের সাড়ে ১৫ কোটি টাকার সম্পদ ও ৮ ব্যাংক হিসাব জব্দ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ফাইল ছবি
expand

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সিঙ্গাপুরে থাকা সাড়ে ১৫ কোটি টাকার স্থাবর সম্পদ, আটটি ব্যাংক হিসাব ও একটি প্রতিষ্ঠানে থাকা শেয়ার বা বিনিয়োগের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পদ ও হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এর আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিপুল সম্পদের তথ্য সামনে আসার পর এবার সিঙ্গাপুরেও তার সম্পদের সন্ধান পাওয়ার কথা জানাল দুদক।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্র জানায়, অনুসন্ধানের অংশ হিসেবে সিঙ্গাপুরে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ ও হিসাব জব্দের জন্য দুদকের আবেদনের পর আদালত আদেশ দিয়েছেন।

আদালতের আদেশের পর জব্দসংক্রান্ত নথিপত্র মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের (এমএলএআর) মাধ্যমে সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

দুদকের অনুসন্ধানে এর আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদ থাকার তথ্য উঠে আসে। বিভিন্ন দেশে তার সম্পদের অনুসন্ধান ও জব্দের উদ্যোগ অব্যাহত রেখেছে সংস্থাটি।

এদিকে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার স্ত্রীর নামে থাকা প্রায় ৬০ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদক সূত্র জানায়, গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের অপব্যবহার ও লুটপাটের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নজরুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান ও মামলা রয়েছে। সম্পদের হিসাব পর্যালোচনার পর প্রায় ৬০ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দের জন্য আদালতে আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সম্পদ জব্দের আদেশ দেন।

এদিকে একই দিন রাজধানীর ইকুরিয়া বিআরটিএ অফিসে দুর্নীতি, অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদকের একটি দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank