

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নবম জাতীয় পে-স্কেলে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশনে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘদিন আগে অবসরে গিয়ে তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সব পেনশনভোগীর ক্ষেত্রে সমান হারে এই বৃদ্ধি কার্যকর হবে না।
যারা বর্তমানে কম পেনশন পাচ্ছেন, তাদের বৃদ্ধির হার তুলনামূলক বেশি হবে। অন্যদিকে বেশি পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে তুলনামূলক কম।
তবে নির্বাচনি প্রতিশ্রুতির বহুল আলোচিত ‘এক পদ এক পেনশন’ বা ‘এক গ্রেড এক পেনশন’ (ওআরওপি) ব্যবস্থা এখনই পুরোপুরি চালু হচ্ছে না। সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই এটি ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারের নির্বাচনি প্রতিশ্রুতিতে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে ‘এক গ্রেড এক পেনশন’ চালুর কথা বলা হয়েছিল। এর মূল লক্ষ্য হলো একই পদ বা গ্রেড থেকে ভিন্ন সময়ে অবসরে যাওয়া ব্যক্তিদের মধ্যে পেনশনের বৈষম্য কমানো।
বর্তমান ব্যবস্থায় একই পদে কর্মরত থাকলেও ভিন্ন সময়ে অবসরে যাওয়া ব্যক্তিদের পেনশনের পরিমাণে বড় ধরনের পার্থক্য রয়েছে। বিশেষ করে দীর্ঘদিন আগে অবসরে যাওয়া কর্মচারীরা একই পদ থেকে সাম্প্রতিক সময়ে অবসরে যাওয়া ব্যক্তিদের তুলনায় কম পেনশন পান।
ওআরওপি চালু হলে একই পদ বা গ্রেডের অবসরপ্রাপ্তদের মধ্যে পেনশনের এই বৈষম্য অনেকটাই কমে আসবে। তবে এর জন্য অবসরপ্রাপ্তদের চাকরির তথ্য, গ্রেড ও পেনশনসংক্রান্ত তথ্য সমন্বয় করা প্রয়োজন।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছেন, সামরিক ও বেসামরিক- উভয় ক্ষেত্রেই একই সঙ্গে ওআরওপি বাস্তবায়ন করা প্রয়োজন। কিন্তু এখনই এটি চালু করতে গেলে সরকারের বিপুল অর্থের প্রয়োজন হবে।
এর পাশাপাশি ২০১৯ সালের আগে অবসরে যাওয়া বেসামরিক কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য সরকারের হাতে না থাকায় একবারে ওআরওপি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এসব বিষয় বিবেচনায় নিয়ে ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ‘এক পদ এক পেনশন’ ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে নবম পে-স্কেলে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশনে তাৎক্ষণিকভাবে বড় ধরনের সুবিধা এলেও নির্বাচনি প্রতিশ্রুতির ওআরওপি ব্যবস্থা পুরোপুরি কার্যকর হতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে।


