মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
ডিএসসিসি প্রশাসক 
expand

শুধু কীটনাশক বা ওষুধ ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং নাগরিকদের প্রত্যক্ষ সম্পৃক্ততা ছাড়া মশামুক্ত শহর গড়া অসম্ভব। সম্প্রতি ডিএসসিসির এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ার তথ্য তুলে ধরে একে ‘উদ্বেগজনক’ বলে আখ্যা দেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) নগর ভবনের অডিটোরিয়ামে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ সংক্রান্ত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, “সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সচেতনতা সৃষ্টির মাধ্যমে নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে যুক্ত করতে হবে। বিশেষ করে বৃষ্টির পর বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে।”

মশামুক্ত ও সুস্থ নগরী গড়তে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় নগরীর বিভিন্ন অঞ্চলে মশার প্রজননস্থল চিহ্নিতকরণ ও ধ্বংস, মাঠপর্যায়ে কাজের নিবিড় তদারকি এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের মধ্যে আন্তঃসমন্বয় বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিকে একই দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে 'মাজেদ সরদার বিপণী বিতান' নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডিএসসিসি প্রশাসক। ৩,৪৭৪.৩৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

ডিএসসিসির মার্কেট নির্মাণ সেল সূত্রে জানা গেছে, ৭ তলা বিশিষ্ট এবং মোট ৪৫,৪৭৫ বর্গফুট আয়তনের এই আধুনিক বিপণী বিতানে মোট ২৩৫টি দোকান থাকবে। ২০২৮ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank