মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত বিদ্যুৎ বিল ও প্রিপেইড মিটার নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম
ফাইল ছবি
expand

প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কেটে নেওয়া, ‘ভূতুড়ে বিল’, ছুটির দিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং দীর্ঘ টোকেন নম্বর পাওয়াসহ বিভিন্ন অভিযোগ ও উদ্বেগের প্রেক্ষাপটে জরুরি ব্যাখ্যা প্রদান করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।

গ্রাহকদের ভোগান্তি নিরসনে প্রিপেইড মিটার, বিলিং পদ্ধতি, ডিমান্ড চার্জ, ভ্যাট ও মিটার ভাড়ার বিষয়ে ডিপিডিসি এ তথ্য প্রকাশ করে।

ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া: ডিপিডিসি জানায়, গ্রাহকের অনুমোদিত লোডের ভিত্তিতে প্রতি মাসে একবার ডিমান্ড চার্জ নেওয়া হয়। দীর্ঘদিন রিচার্জ না করলে পরবর্তী রিচার্জের সময় বকেয়া মাসের চার্জ একসাথে কাটা হয়। এছাড়া, যেসব গ্রাহক নিজ খরচে মিটার কিনেছেন তাঁদের কোনো মিটার ভাড়া দিতে হবে না। তবে ডিপিডিসি প্রদত্ত সিঙ্গেল-ফেজ মিটারে প্রতি মাসে ৪০ টাকা এবং থ্রি-ফেজ মিটারে ২৫০ টাকা ভাড়া প্রযোজ্য হবে।

ভ্যাট ও দীর্ঘ টোকেন নম্বর: সরকারি নিয়ম অনুযায়ী প্রতিবার রিচার্জে ৫ শতাংশ ভ্যাট কেটে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। অপরদিকে, বিদ্যুতের ট্যারিফ পরিবর্তনের পর প্রথম রিচার্জে নতুন দর সক্রিয় করতে ২০০ থেকে ২২০ ডিজিটের দীর্ঘ টোকেন দেওয়া হয়, যা পরবর্তী রিচার্জে আবার স্বাভাবিক ২০ ডিজিটে ফিরে আসে। এ জটিলতা দূর করতে পর্যায়ক্রমে অটোমেটেড মিটারিং ইনফ্রাস্ট্রাকচার (এএমআই) প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে।

‘ভূতুড়ে বিল’ ও ‘ফ্রেন্ডলি আওয়ার’: প্রিপেইড মিটারে অতিরিক্ত বিল কাটার কোনো কারিগরি সুযোগ নেই উল্লেখ করে সংস্থাটি জানায়, নির্ধারিত ট্যারিফ অনুযায়ী বিদ্যুৎ খরচের বিল স্বয়ংক্রিয়ভাবে হিসাব হয়। তবে কমন নিউট্রাল বা যান্ত্রিক ত্রুটি থাকলে তা খতিয়ে দেখা হবে।

গ্রাহক সুবিধার্থে প্রতিদিন বিকেল ৪টা থেকে পরদিন সকাল ১০টা এবং সাপ্তাহিক ছুটির দিনকে ‘ফ্রেন্ডলি আওয়ার’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই সময়ে ব্যালেন্স শেষ হলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে না, যা পরবর্তীতে রিচার্জের সময় সমন্বয় করা হবে।

বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো অসঙ্গতি বা জরুরি প্রয়োজনে আতঙ্কিত না হয়ে গ্রাহকসেবা কেন্দ্র অথবা হটলাইন ১৬১১৬-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিপিডিসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank