

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি ব্যাগেজ হ্যান্ডলিং কার্যক্রম থেকে শুরু করে বিমানবন্দরের ওয়াশরুমের পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন যাত্রীসেবা সরেজমিনে ঘুরে দেখেন।
রোববার (৬ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ আকস্মিক পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শনকালে দুপুর ১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা–চট্টগ্রাম–ঢাকা রুটের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মন্ত্রী ফ্লাইটটির কার্গো হোল্ড খোলা থেকে শুরু করে ব্যাগেজ হ্যান্ডলিং এবং যাত্রীদের কাছে ব্যাগেজ পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়া সরেজমিনে তদারকি করেন।
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিমানবন্দরে আগত যাত্রীদের ব্যাগেজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সময় কমিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য উড়োজাহাজ অবতরণের পর প্যাসেঞ্জার গেট ও কার্গো হোল্ড খোলার সময়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
এ ছাড়া কোনো ফ্লাইট অবতরণের আগেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নিয়োজিত কর্মীদের পরিকল্পিতভাবে ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেন মন্ত্রী।
ব্যাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে যাত্রীদের তাৎক্ষণিক তথ্য দেওয়ার জন্য বিমানবন্দরে লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশনাও দেন তিনি।
পরিদর্শনের সময় বিমানবন্দরের বিভিন্ন ওয়াশরুমও ঘুরে দেখেন মন্ত্রী। যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ওয়াশরুমগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন মন্ত্রী।
পরিদর্শনকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


