

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সরকারপ্রধান।
এরপর তিনি নগরীতে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে মিলিত হবেন। বাঁশখালী ও হাটহাজারী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও পুনর্বাসন সহায়তা প্রদান করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
পরে হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাতে নগরীর পাঁচ তারকা রেডিসন ব্লু বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে দলের পক্ষ থেকে পৃথক প্রস্তুতিসভা করে প্রধানমন্ত্রীকে বরণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। অস্থায়ী হেলিপ্যাড স্থল থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলার সর্বশেষ দক্ষিণ সীমান্ত নাজিরহাট নতুন ব্রীজ পর্যন্ত চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে মানবপ্রাচীরের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী ফটিকছড়ি আসছেন এ খবরে উৎসব বিরাজ করছে। দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রীকে বরণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। সমগ্র ফটিকছড়ি উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সাংসদ সরোয়ার আলমগীর বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে রিসিভ করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে সবার মাঝে প্রাণচাঞ্চল্যতা বিরাজ করছে, ফটিকছড়ি সেজেছে উৎসবের রঙে।