

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নিতে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল ঘোষণার আগে সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ কমিশনের সদস্যরা এই বৈঠকে অংশ নিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতি, তফসিল ঘোষণাসহ নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনারকে সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করতে হয়। সেই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রয়োজনীয় আলোচনা করছে নির্বাচন কমিশন।
এর আগে গত রোববার সিইসির কার্যালয়ে নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ সচিবের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি এবং পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। ওই বৈঠকেই স্পিকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন করেন জাতীয় সংসদ সদস্যরা। এজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার হিসেবে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে ইসি।
ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া শেষ হওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বর্তমান বৈঠকে নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতি ও সাংবিধানিক ধাপগুলো নিয়েই মূলত আলোচনা হচ্ছে বলে জানা গেছে।