শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল সেই ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১১:২৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মাইলস্টোন কলেজের সাবেক এক ছাত্রীর বিরুদ্ধে কলেজের পরিচয়পত্র ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাজধানীর তুরাগ থানায় দায়ের করা জিডিতে অভিযোগ করা হয়, রুবাইয়া মেহজাবিন সুহি নামে ওই ছাত্রী শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে মাইলস্টোন কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টি.সি.) পেয়েছেন।

ফলে তিনি বর্তমানে কলেজটির শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের কোনো পরিচয় ব্যবহারের অধিকারও তার নেই।

জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে তাকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম কলেজ কর্তৃপক্ষের পক্ষে তুরাগ থানায় এ জিডি করেন। জিডির ট্র্যাকিং নম্বর ৯১ এবং জিডি নম্বর ১০০।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম রানাকে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়েছে কি না, তা জিডিতে উল্লেখ করা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup