শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় মার্কিন দূতাবাসে মধ্যরাত থেকে নজিরবিহীন নিরাপত্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ এএম আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ এএম
রাজধানীর বারিধারা এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাস
expand
রাজধানীর বারিধারা এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাস

রাজধানীর বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাস ঘিরে সোমবার গভীর রাতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

হঠাৎ করেই সেখানে যুক্ত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত সোয়াট টিম, পাশাপাশি মোতায়েন হয়েছে সিটিটিসি ইউনিট ও বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা।

রাত আড়াইটার দিকে দূতাবাসের আশপাশে দেখা যায়, গুলশান বিভাগের বেশ কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সরেজমিনে উপস্থিত থেকে নিরাপত্তা তদারকি করছেন।

ডিএমপির গুলশান বিভাগের সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদ বলেন, “এটি আমাদের নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ। কখনো কখনো মনে হলে আমরা নিরাপত্তা আরও জোরদার করি। বর্তমানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।”

বিশেষ কোনো হুমকি বা নির্দিষ্ট কারণ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সব সময় হুমকি থাকে না, তবে কোনো আশঙ্কা দেখা দিলে তা গুরুত্বের সঙ্গে দেখা হয়।”

তবে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সম্প্রতি ঢাকায় মার্কিন দূতাবাসের ব্যাপারে সতর্কবার্তা পেয়েছিল কর্তৃপক্ষ। দূতাবাসের নিজস্ব তদন্তে তিনজন বাংলাদেশি নাগরিকের নাম, ঠিকানা ও ছবিসহ তথ্য পাওয়া যায়, যারা হামলার পরিকল্পনায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই তথ্য জানার পর দূতাবাস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর পুলিশের কাছে নিরাপত্তা জোরদারের অনুরোধপত্র পাঠায়, এবং সন্দেহভাজন ওই তিনজনের বিস্তারিত তথ্যও সরবরাহ করে।

এর আগে গত ৭ এপ্রিল রাজধানীর নতুনবাজার এলাকায় মার্কিন দূতাবাসের বিপরীতে বিক্ষোভকে কেন্দ্র করে দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। সেদিনের বিক্ষোভে শিক্ষার্থীসহ অনেকে অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন